প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, যুবসমাজ দেশের সম্পদ। নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। তরুণরা যেন বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার না হন এবং আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে দক্ষিণ কোরিয়া সহ বিদেশে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‘স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি জিটি গ্রুপ’।
প্রতিমন্ত্রী পুতুল উল্লেখ করেন, দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে কাজের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। তবে বিদেশে কর্মসংস্থানের নামে তরুণদের প্রতারণার শিকার হতে না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। কর্মসংস্থানের উদ্যোগ তরুণদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেবে, কিন্তু তা যেন ঝুঁকি কিংবা দুর্ভোগের কারণ না হয়।
তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া সহ উন্নত দেশগুলোতে বাংলাদেশের তরুণদের কাজের সুযোগ সৃষ্টি হলে তা দেশের অর্থনীতি শক্তিশালী করতে এবং বেকারত্ব নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এজন্য তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে গুরুত্ব দিতে হবে। বৈধ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, চাকরির চুক্তি, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ার আহ্বান জানান তিনি। কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন প্রতিমন্ত্রী।
সভায় জিটি গ্রুপের চেয়ারম্যান পার্ক জি ইয়ং, গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদুল হাসান মামুন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তরুণদের আত্মকর্মসংস্থান ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়টিও গুরুত্ব পায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন