প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যাক্স ওয়েবার রাষ্ট্রীয় কর্তৃত্বের বৈধতাকে রাজনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে, হান্না আরেন্টের বিপ্লবতত্ত্ব আমাদের স্মরণ করিয়ে দেয় যে, বিপ্লবের প্রকৃত তাৎপর্য কেবল বিদ্যমান ক্ষমতা কাঠামোর পরিবর্তনে নয়, বরং স্বাধীনতা ও নতুন রাজনৈতিক পরিসর প্রতিষ্ঠার সম্ভাবনায় নিহিত। এই রাষ্ট্রচিন্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়।
রাজনৈতিক অস্থিরতা ও সামরিক অভ্যুত্থান, পাল্টা-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ঐতিহ্যে এটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। তবে এর তাৎপর্য অনুধাবনে পূর্ববর্তী রাজনৈতিক বাস্তবতা, পরবর্তী রাষ্ট্র পরিচালনা এবং বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশাকেও বিবেচনায় নেওয়া যেতে পারে। বিশেষত জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান ও ২০২৬ সালের রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
৭ নভেম্বর, সংকট ও রাষ্ট্রক্ষমতার পালাবদল: প্রত্যাশিত পথে বাংলাদেশের যাত্রা
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, প্রশাসনিক দুর্বলতা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক সংঘাত বাংলাদেশকে কঠিন সংকটে ফেলে। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি নির্মমতা, গুম, খুন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং ১৯৭৫ সালের চতুর্থ সংবিধান সংশোধনীর মাধ্যমে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের গণতান্ত্রিক পথ সংকুচিত হয়ে পড়ে। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি অভ্যুত্থান ঘটে। একই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দি হন। ঠিক এই প্রেক্ষাপটে ৭ নভেম্বর সেনাবাহিনীর একাংশের বিদ্রোহ ও সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির তৎপরতায় মহান স্রষ্টার কৃপায় তিনি মুক্ত হন। অন্যদিকে খালেদ মোশাররফ, এ টি এম হায়দার ও খন্দকার নাজমুল হুদাসহ কয়েকজন সামরিক কর্মকর্তা অভ্যুত্থানের প্রেক্ষিতে নিহত হন। এ ঘটনাপ্রবাহে কর্নেল আবু তাহের ও জাসদ-সংশ্লিষ্ট সামরিক সংগঠনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ৭ নভেম্বরের ব্যাখ্যা তাই বহুমাত্রিক।
বিএনপিসহ অধিকাংশের দৃষ্টিতে এটি সৈনিক-জনতার সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার দিন; জাসদের কাছে সিপাহি-জনতার অভ্যুত্থান; অন্যদিকে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ঘরানায় সামরিক কর্মকর্তা হত্যার ঘটনাকে গুরুত্ব দিয়ে একে বর্ণনা করা হয়। তবে এদিনের পর রাষ্ট্রক্ষমতার বিন্যাস বদলে যায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সংহতিময় রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীরউত্তম খেতাবপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ও রাজনৈতিক সংগঠক। ১৯৭১ সালে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে সক্রিয় নেতৃত্ব ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়। কিংকর্তব্যবিমূঢ় জাতি সেদিন সত্যিকার অর্থে তার করণীয় খুঁজে পেয়েছিলো। ৭ নভেম্বরের পর তিনি উপপ্রধান সামরিক আইন প্রশাসক হন এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর রাজনৈতিক দর্শনের প্রধান ভিত্তি ছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যেখানে স্বাধীন রাষ্ট্রসত্তা, ভূখণ্ড, নাগরিক পরিচয় ও জাতীয় ঐক্য বিশেষ গুরুত্ব পায়।
জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বনির্ভরতা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং জনগণের অংশগ্রহণ ছিল তাঁর রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ উপাদান। তাঁর ১৯ দফা কর্মসূচি, বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা এবং ১৯৭৯ সালের সংসদ নির্বাচন রাজনৈতিক পুনর্গঠনের উল্লেখযোগ্য ঘটনা। তবে তাঁর শাসনামলের সামরিক বাস্তবতা ও গণতান্ত্রিক সীমাবদ্ধতাও ইতিহাসের অংশ। কারণ গণতন্ত্রের পূর্ণতা কেবল নির্বাচন নয়; নাগরিক স্বাধীনতা, বিরোধী মতের অধিকার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ওপরও নির্ভরশীল। যার ওপর ভিত্তি করে তাঁকে বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম সফল রাষ্ট্রনায়ক।
বিপ্লব ও সংহতির রাজনৈতিক দর্শন
রাষ্ট্রবিজ্ঞানে বিপ্লব বলতে প্রচলিত ক্ষমতাকাঠামোর মৌলিক পরিবর্তন এবং সংহতি বলতে ভিন্ন মত ও পরিচয়ের মানুষের মধ্যে অভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ববোধ প্রতিষ্ঠাকে বোঝায়। বিপ্লব পরিবর্তনের আকাক্সক্ষা সৃষ্টি করে; সংহতি সেই পরিবর্তনকে স্থায়ী ভিত্তি দেয়। জন লকের সামাজিক চুক্তিতত্ত্বে সরকারের বৈধতা জনগণের সম্মতি ও অধিকার সংরক্ষণের সঙ্গে যুক্ত। রুশোর দর্শনেও জনগণের সম্মিলিত ইচ্ছা রাষ্ট্রীয় কর্তৃত্বের ভিত্তি। এই আলোকে ৭ নভেম্বর আমাদের সামনে প্রশ্ন রাখে: স্বাধীনতা ও সার্বভৌমত্ব কীভাবে সুরক্ষিত হবে এবং রাজনৈতিক পরিবর্তন কীভাবে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ নেবে?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এসব প্রশ্নের একটি রাজনৈতিক উত্তর খোঁজার প্রচেষ্টা দেখা যায়। ধর্ম, অঞ্চল ও সামাজিক অবস্থানের পার্থক্য অতিক্রম করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই ছিল এর অন্যতম লক্ষ্য। ভিন্নমতের প্রতি সহনশীলতার প্রসঙ্গে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঘটনাকে স্মরণ করা যেতে পারে। অর্থাৎ প্রকৃত সংহতি ভিন্নমতের বিলুপ্তি নয়; বরং মতপার্থক্য সত্ত্বেও সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। তাই ৭ নভেম্বরের সংহতির ধারণাকে আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক অধিকারের সঙ্গে যুক্ত করাই বর্তমানের চ্যালেঞ্জ।
জুলাই ২০২৪: ইতিহাসের পরম্পরা
বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনৈতিক বৈধতার সংকট বারবার পরিবর্তনের আকাক্সক্ষা সৃষ্টি করেছে। সেই ধারাবাহিকতায় জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমে বৈষম্য, রাষ্ট্রীয় দমননীতি ও গণতান্ত্রিক জবাবদিহির বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। ব্যাপক প্রাণহানি ও সহিংসতার পর ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈর শাসনের পতন ঘটে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ২০২৫ সালের প্রতিবেদনে আন্দোলনকালীন সহিংসতায় প্রায় ১,৪০০ জন নিহত হয়ে থাকতে পারেন বলে প্রকাশ করা হয়েছে।
৭ নভেম্বর ১৯৭৫ ও জুলাই ২০২৪-এর চরিত্র অভিন্ন নয়। প্রথমটি মূলত সামরিক অভ্যুত্থান ও ক্ষমতার পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত; দ্বিতীয়টি শিক্ষার্থীদের নেতৃত্বে বিস্তৃত গণআন্দোলন। তবু উভয়ের মধ্যে একটি রাজনৈতিক পরম্পরা রয়েছে। রাষ্ট্রীয় সংকটে পরিবর্তনের আকাক্সক্ষা এবং পরিবর্তনের পর জাতীয় সংহতি ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা- দুটি ঘটনাই আমাদের প্রশ্নের মুখোমুখি করে। ক্ষমতার পরিবর্তন কী রাষ্ট্রের চরিত্রও পরিবর্তন করতে পারে? উত্তর নিহিত রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও নাগরিক অধিকারের বাস্তব অগ্রগতিতে।
২০২৬ সালের বাংলাদেশ: জাতীয় সংহতি ও নেতৃত্বের চ্যালেঞ্জ
জুলাই গণঅভ্যুত্থানের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ ও জনপ্রশাসন সংস্কারের আলোচনার ধারাবাহিকতায় জুলাই জাতীয় সনদ প্রণীত হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রজন্মের গণতান্ত্রিক প্রত্যাশার মুখোমুখি হয়েছেন। এই দুই ধারার সমন্বয়ে জাতীয় ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ তাঁর সামনে এসে পড়েছে।
এ ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা ও সংলাপ প্রতিষ্ঠা; পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখা; অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জুলাইয়ের সংস্কার-আকাকাক্ষাকে কার্যকর প্রাতিষ্ঠানিক পরিবর্তনে রূপ দেওয়া। জাতীয় সংহতির ভিত্তি হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক নাগরিক পরিচয়, যেখানে ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্যের মর্যাদা থাকবে। নেতৃত্বের সাফল্য নির্ধারিত হবে রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে তার বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা, নাগরিক অধিকার সংরক্ষণ এবং ক্ষমতার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী এক্ষেত্রে সফল হবেন। চীন ও জাপান সফরে তিনি যে সহযোগিতার আশ্বাস পেয়েছেন সেটা তাঁর স্মারক।
ইতিহাসের উত্তরাধিকার থেকে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তা
৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কিন্তু ইতিহাসের প্রকৃত মূল্য তার অর্জন ও সীমাবদ্ধতা থেকে ভবিষ্যতের শিক্ষা গ্রহণে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ও রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগের সঙ্গে জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার আকাক্সক্ষার একটি অর্থবহ সংযোগ পাওয়া যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব হলো এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিরোধী মতের অধিকার সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি ও দলের ঊর্ধ্বে কাজ করবে। বিপ্লব পরিবর্তনের আকাক্সক্ষা জাগায়, সংহতি সেই পরিবর্তনকে সম্মিলিত শক্তিতে রূপ দেয়, আর গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে স্থায়ী ভিত্তি প্রদান করে।
১৯৭৫ থেকে ২০২৪, সেখান থেকে ২০২৬, এই ঐতিহাসিক যাত্রার শিক্ষা হলো, রাষ্ট্রের প্রকৃত শক্তি ক্ষমতাসীন নেতৃত্বে নয়; জনগণের আস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানের সক্ষমতা এবং ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানে নিহিত। ইতিহাসকে সম্মান করার সবচেয়ে অর্থবহ উপায় তাই এমন ভবিষ্যৎ নির্মাণ করা, যেখানে জাতীয় ঐক্য হবে অন্তর্ভুক্তিমূলক, স্বাধীনতা হবে সবার এবং গণতন্ত্র হবে রাষ্ট্র পরিচালনার স্থায়ী ভিত্তি।
লেখক: ভিসি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন