প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায়, বিয়ের প্রলোভন দেখিয়ে একজন তরুণীকে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত রাশেদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। রাশেদুল লালমনিরহাট সদর উপজেলার হরিনচওড়া কালমাটি এলাকার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় চার মাস আগে ইমো অ্যাপের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। ওই সময় রাশেদুল নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ভুক্তভোগী তাকে জানান, তিনি তালাকপ্রাপ্ত এবং তার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এরপরও সন্তানসহ তাকে বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত।
এজাহারে আরও বলা হয়, বিয়ের কথা বলে গত ২৮ জুলাই ফরিদপুর থেকে রংপুরে আসতে বলেন রাশেদুল। পরে তিনি ভুক্তভোগী এবং তার শিশুসন্তানকে হারাগাছ থানার বাহারকাছনা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন রাতে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই তিনি দূর থেকে রংপুরে এসেছিলেন। পরে বিয়ে না করে তাকে ধর্ষণ করা হয়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসআই আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন