প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যাক্স ভার্সটাপেন এবং জর্জ রাসেলের পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। লাস ভেগাস গ্রাঁ প্রির অনুশীলনে দুই চালকের গাড়ির সংঘর্ষের ফলে শুরু হওয়া উত্তেজনা রেসের পরও থামেনি। একে অপরকে নিয়ে কটাক্ষ এবং পাল্টা বক্তব্যে তাঁদের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। তবে মার্সিডিজের রাসেলের জন্য এবারের দ্বন্দ্বের সময়টা বিশেষভাবে কঠিন—২০২৬ মৌসুমে সতীর্থ কিমি অ্যান্টোনেলির কাছে পিছিয়ে পড়েছেন তিনি, হারিয়েছেন শিরোপার লড়াইও।
লাস ভেগাস গ্রাঁ প্রির শেষ অনুশীলন পর্বে ঘটনাটি ঘটে। দুজনই দ্রুতগতির ল্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রেড বুলের ভার্সটাপেন কৌশলে মার্সিডিজের রাসেলের কাছ থেকে ট্র্যাক পজিশন কেড়ে নেন। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল আবার সামনে যাওয়ার চেষ্টা করলে দুজনের গাড়ির মধ্যে হালকা সংঘর্ষ ঘটে।
রাসেলের দাবি, চালকদের মধ্যে অলিখিত যে সমঝোতা রয়েছে, ভার্সটাপেন সেটি ভঙ্গ করেছেন। পরে দুই চালককে স্টুয়ার্ডদের সামনে হাজির হতে হয়। তদন্ত শেষে ভার্সটাপেনকে সতর্ক করা হয়।
এর আগে মেক্সিকো সিটি গ্রাঁ প্রির অনুশীলনেও রেসিং বুলসের লিয়াম লসনের সঙ্গে একই ধরনের ঘটনায় জড়িয়েছিলেন ভার্সটাপেন। সে ঘটনায় দুজনকেই এক ধাপ করে গ্রিড পেনাল্টি দেওয়া হয়েছিল।
লাস ভেগাসের ঘটনার পর স্কাই ইতালিকে রাসেল বলেন, ‘কেউ ল্যাপ শুরু করতে যাচ্ছে—এমন অবস্থায় তাকে অতিক্রম করা যাবে না, এমন কোনো নিয়ম নেই। কিন্তু এভাবে করলে আপনি ওই চালকের ক্ষতি করছেন। সে সপ্তাহের পর সপ্তাহ অনেক চালকের সঙ্গে এমনটা করে, আর সবাই তা মেনে নেয়।’
ভার্সটাপেনের আচরণের প্রতিবাদ করে রাসেল আরও বলেন, ‘আমি কাউকে আমার সঙ্গে এমন আচরণ করে চলে যেতে দেব না, যেন সে সবার চেয়ে বড় বা ভালো। ওই ব্যক্তির বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতেই হবে।’
রেসের পরও থামেনি কথার লড়াই
লাস ভেগাসে যোগ্যতা নির্ধারণী পর্বের ফল অনুযায়ী, ভার্সটাপেন পোল পজিশন থেকে এবং রাসেল দ্বিতীয় স্থান থেকে রেস শুরু করেন। রেসের বড় একটি অংশজুড়ে দুজনের মধ্যে লিডের লড়াই চলে। তবে শেষ দিকে মার্সিডিজ সতীর্থ অ্যান্টোনেলির পেছনে পড়ে যান রাসেল। তাঁকে অতিক্রমের চেষ্টা করতে গিয়ে বাধা বা দেয়ালে ধাক্কা খান তিনি।
ঘটনাটি পেছনের আয়নায় দেখে ভার্সটাপেনকে টিম রেডিওতে উচ্ছ্বাস প্রকাশ করতে শোনা যায়। রেস জয়ের পরও থামেনি তাঁর কটাক্ষ। সংবাদ সম্মেলনে রাসেলকে উদ্দেশ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বলেন, ‘ট্র্যাকের বাইরে সে অনেক কথা বলে। সত্যি বলতে, আমার তাতে কিছু যায় আসে না। সে আমার পর্যায় থেকে এতটাই নিচে যে তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করাটাও অর্থহীন।’
রাসেলের দুর্ঘটনা দেখে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভার্সটাপেন বলেন, ‘কর্মফল কখনো কখনো দারুণভাবে ফিরে আসে। আয়নায় যখন দেখলাম কী ঘটছে, তখন সত্যিই আমার ভালো লেগেছিল। মনে হচ্ছিল, আমার দিনটা আরও ভালো হয়ে গেল। আর যখন প্রথম হয়ে ফিনিশ করলাম, তখন দিনটা পুরোপুরি সম্পূর্ণ হলো।’
শৈশব থেকে শুরু দ্বন্দ্ব
ভার্সটাপেন এবং রাসেলের বয়সের ব্যবধান পাঁচ মাসেরও কম। দুজনই ছোটবেলা থেকে কার্টিংয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ফর্মুলা ওয়ানে তাঁদের দ্বন্দ্ব বড় আকার নেয় ২০২৩ সালের আজারবাইজান গ্রাঁ প্রির স্প্রিন্টে। প্রথম ল্যাপের কয়েকটি বাঁকে দুজনের গাড়ির সংঘর্ষ ঘটে। রেস শেষে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ভার্সটাপেন রাসেলকে পরেরবার একই আচরণের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেন। পরে তাঁকে ‘প্রিন্সেস জর্জ’ বলেও কটাক্ষ করেন।
২০২৪ সালের কাতার গ্রাঁ প্রিতে ভার্সটাপেনের গ্রিড পেনাল্টির পেছনে রাসেলের ভূমিকা ছিল বলে মনে করেন ডাচ চালক। এরপর ভার্সটাপেন জানান, রাসেলের প্রতি তাঁর সব শ্রদ্ধা হারিয়ে গেছে। আবুধাবিতে মৌসুমের শেষ রেসের আগে রাসেলও পাল্টা আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ভার্সটাপেন তাঁকে দেয়ালে ধাক্কা দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং বছরের পর বছর ধরে অন্য চালকদের সঙ্গে বুলির মতো আচরণ করছেন। ভার্সটাপেন এসব অভিযোগের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে রাসেলকে ‘লুজার’ ও ‘ব্যাকস্ট্যাবার’ বলে আখ্যা দেন।
২০২৫ সালের স্প্যানিশ গ্রাঁ প্রিতেও তাঁদের মধ্যে ট্র্যাকে সংঘর্ষ ঘটে। নিজের দল রেড বুলের নির্দেশে রাসেলকে জায়গা দিতে গিয়ে ক্ষুব্ধ ভার্সটাপেন ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়িতে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। স্টুয়ার্ডরা তাঁকে ১০ সেকেন্ডের পেনাল্টি দেন। পরে নিজের আচরণকে ভুল স্বীকার করে দলের কাছে ক্ষমা চাইলেও রাসেলের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি তিনি।
রাসেলের কঠিন মৌসুমে নতুন চাপ
এবারের দ্বন্দ্বের সময়টা রাসেলের জন্য আরও অস্বস্তিকর। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্সিডিজে প্রথম চার মৌসুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। দল শিরোপার উপযোগী গাড়ি তৈরি করতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কাজে লাগাতে পারবেন—এমন বিশ্বাসও প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে।
কিন্তু ২০২৬ মৌসুমে নিয়মকানুনে বড় পরিবর্তনের পর মার্সিডিজ যখন শিরোপার উপযোগী গাড়ি তৈরি করেছে, তখন অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকা সতীর্থ অ্যান্টোনেলিই শিরোপা জিতে নিয়েছেন। মৌসুমজুড়ে নিজের পারফরম্যান্সের ঘাটতি নিয়ে একাধিকবার অনিশ্চয়তা প্রকাশ করেছেন রাসেল। শেষ পর্যন্ত নতুন প্রজন্মের গাড়ির সঙ্গে মানিয়ে নিতে নিজের ড্রাইভিং স্টাইল পরিবর্তনের প্রয়োজনীয়তাও অনুভব করেছেন তিনি।
মেক্সিকোতে অ্যান্টোনেলি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর রাসেলের হতাশা এতটাই স্পষ্ট ছিল যে দলের প্রধান টোটো উলফ তাঁকে দ্রুত সার্কিট ছাড়ার অনুমতি দেন। উলফ পরে জানান, রাসেল তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এবারের মৌসুমে চালকদের চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে নেমে গেছেন রাসেল। অন্যদিকে, শেষ ছয় রেসের চারটিতে জিতে দ্বিতীয় স্থান নিশ্চিত করার পথে এগিয়ে আছেন ভার্সটাপেন। টানা নয়টি রেসে পডিয়ামে থাকা ডাচ চালক এবং অ্যান্টোনেলি—দুজনই এখন রাসেলের জন্য বড় প্রতিদ্বন্দ্বী।
কাতার ও আবুধাবিতে কী হবে?
২০২৬ মৌসুমের দুই শিরোপার নিষ্পত্তি হয়ে যাওয়ায় কাতার ও আবুধাবি গ্রাঁ প্রিতে ভার্সটাপেন-রাসেলের দ্বন্দ্ব বাড়তি মনোযোগ পাবে। মৌসুমের শেষ তিন রেসে ভালো ফল করে আত্মবিশ্বাস নিয়ে ২০২৭ সালে প্রবেশ করাই রাসেলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে ভার্সটাপেনের সঙ্গে নতুন করে বাকযুদ্ধে জড়িয়ে নিজের ওপর বাড়তি চাপও তৈরি করেছেন তিনি। দুই চালকের মধ্যে উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে আবুধাবিতে। কারণ, মৌসুমের শেষ রেসে চালকদের একসঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার একটি প্রচলন রয়েছে। ২০২৪ সালে তীব্র বাকবিতণ্ডার কয়েক দিন পর সেই নৈশভোজে রাসেলের পাশে বসার প্রস্তাব দিয়েছিলেন ভার্সটাপেনও।
রাসেল অবশ্য লাস ভেগাসে ভার্সটাপেনের মন্তব্যের পর সহজে পিছু হটতে চাইবেন না। দুই চালক বৃহস্পতিবার কাতার গ্রাঁ প্রির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই বোঝা যাবে, তাঁদের দ্বন্দ্ব আরও বাড়ে, নাকি পরিস্থিতি শান্ত করার কোনো উদ্যোগ দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন