প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে আল-আমিন (৩৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী আফসানা আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এদিকে, গ্রেপ্তার আল-আমিনকে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় রনি ও তার স্ত্রী এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন। তখন তারা দাঁড়িয়ে বিষয়টি দেখার সময় আল-আমিন তাদের অকথ্য ভাষায় গালাগাল করে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। মূলত ওই ঘটনার জেরেই আল-আমিনের সঙ্গে রনির পূর্ববিরোধের সৃষ্টি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় নিমাইয়ের বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছালে পূর্বশত্রুতার কারণে আল-আমিন ও অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রনির মুখ, মাথা, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রনির মৃত্যু ঘটে।
খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে রনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার আল-আমিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন