প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের বিরল উপজেলায় একটি কওমি মাদরাসা থেকে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার পৌর শহরের মাদরাসাতুস সুন্নাহ কওমি মাদরাসার শৌচাগার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশু সাফায়েত হোসেন (৮) বিরল উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। এই ঘটনার পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে।
এদিকে, শনিবার রাতেই পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শিশু সাফায়েত হোসেন আট মাস আগে ওই মাদরাসায় ভর্তি হয়েছিল। শনিবার বিকেলে সাফায়াতের দাদা মাদরাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মাদরাসার পরিচালক মোকাররম শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। দরজায় কড়া নেড়ে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হন। একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে আরো দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করেন। দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, মাদরাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন