প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনার প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেতে যাচ্ছে। ফলে, ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দুই জোটই দূরে অবস্থান করছে।
স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) জানায়, ৮৯ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে এই চিত্র উঠে এসেছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের দুটি প্রধান আরব দল সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে। এর ফলে, সরকার গঠনে এই দুটি দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে।
বুধবার সন্ধ্যা নাগাদ পাওয়া এই ফলাফল নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপের পূর্বাভাসের সঙ্গে মিলে না। নির্বাচনের কয়েক সপ্তাহ ও মাস আগে প্রকাশিত প্রায় সব জরিপে নেতানিয়াহুর জোটের চেয়ে আইজেনকোটের জোটকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। তবে, সেসব জরিপেও কোনো জোটের এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়নি।
মঙ্গলবার রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির প্রধান সম্প্রচারমাধ্যমগুলো বুথফেরত জরিপ প্রকাশ করে। সেসব জরিপে দেখা যায়, নেতানিয়াহুর জোটের চেয়ে দুই থেকে তিনটি আসনে এগিয়ে ছিল আইজেনকোটের জোট। রাতভর ভোট গণনা এবং বুধবার বিকেল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আইজেনকোটের জোটকে পেছনে ফেলে এগিয়ে গেছে নেতানিয়াহুর দল ও তার নেতৃত্বাধীন জোট। এতে বুথফেরত জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত হওয়ার ইঙ্গিত মিলেছে।
বুধবার রাত ৯টার কিছু পর দেয়া হালনাগাদ তথ্যে সিইসি জানায়, মোট ভোটের ৮৯ দশমিক ৮ শতাংশ গণনা শেষ হয়েছে। এতে প্রায় সব সাধারণ ভোটকেন্দ্রের ফল অন্তর্ভুক্ত রয়েছে। ফলাফল এখনো চূড়ান্ত না হলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এবারের ইসরাইলের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি মিত্রদের ক্ষমতা থেকে সরাতে বিপুল সংখ্যক আরব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে, ইহুদি দলগুলোর মধ্যে মাত্র একটি ছাড়া সব দলই আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছে।
সেনাসদস্য ও কূটনীতিকদের দেয়া ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ভোট এখনো গণনা করা হয়নি। ফলে, নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হতে আরও এক থেকে দুই দিন লাগতে পারে, সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন। এরপর, যার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করবেন, তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন তিনি। এ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত ইসরাইলে আবারও নির্বাচন আয়োজন করতে হবে।
বুধবার জেরুজালেমে নিজের বাসভবনে এক বৈঠকে মঙ্গলবারের নির্বাচনে ৭৭ দশমিক ৭ শতাংশ ভোটার উপস্থিতির প্রশংসা করেন প্রেসিডেন্ট হারজোগ। গত দুই দশকের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিই ছিল সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
তিনি বলেন, ‘এটি ইসরাইলি সমাজের জন্য গর্বের বিষয়। ইসরাইলে গণতন্ত্রের প্রতি মানুষের আকাঙ্ক্ষা কতটা গভীর, তা দেখে বিস্মিত হয়েছি।’
হারজোগ আরও জানান, আগামী সপ্তাহে তিনি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল হাতে পাওয়ার আশা করছেন। এরপর, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবেন।
তিনি বলেন, ‘গতকালের নির্বাচনের পর আমাদের অবশ্যই সম্ভাব্য সবকিছু করতে হবে, যাতে আরেকটি নির্বাচন এড়ানো যায়। সবার কাছে আমার প্রত্যাশা, এখানে আলোচনায় আসা প্রত্যেকেই খোলা মন নিয়ে আসবেন।’
যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট দুজনই সরকার গঠনের দায়িত্ব পাওয়ার দাবি জানিয়েছেন।
ইসরাইলের তিনটি সম্প্রচারমাধ্যমের প্রকাশিত প্রাথমিক বুথফেরত জরিপে গাদি আইজেনকোটের ‘চেঞ্জ ব্লক’ নেসেটে ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে বলে আভাস দেয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি আসন। এ ফলের পর আইজেনকোট বলেন, জনগণ ‘পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে’।
তেল আবিবে ইয়াশার পার্টির নির্বাচনী সদর দফতরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যর্থতার জোট জনগণের আস্থা হারিয়েছে।’ তিনি আরও বলেন, ‘জনগণের রায়কে একটি জায়নবাদী সরকারে রূপ দিতে আমি আমার জোটসঙ্গীদের সঙ্গে কাজ করব।’
এদিকে জেরুজালেমে লিকুদ পার্টির সদর দফতরে নেতানিয়াহু দাবি করেন, তার ডানপন্থি জোট ‘বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা’ পেয়েছে।
তিনি বলেন, ‘আমাদের একটি শক্তিশালী ডানপন্থি জাতীয় সরকার গঠন করতে হবে।’ নেতানিয়াহু আরও বলেন, ‘জায়নবাদবিরোধী আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার গঠন করে ইসরাইলকে বিপদের মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন