প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পানির ট্যাংকের ভেতর থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা একটি রহস্যময় প্লেট উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি ম্যাগনেটিক পিলার কিনা, তা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশ আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশি চালানোর পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেট সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী ঢাকার বাসিন্দা।
উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ এবং ১৮৩৯ সাল লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। তবে বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার, নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিছু স্থানীয়রা ধারণা করছেন, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন রহস্যময় বস্তু কীভাবে এলো এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানিয়েছেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই এর প্রকৃত পরিচয় জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন