প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আট বছরের পুরনো বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বর্তমানে সেই বিতর্কের মাঝে রয়েছে। এমন একটি সময়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অংশ নিতে নেমেছে। ৫০ ওভারের ফরম্যাটে তাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। মাহলি বিয়ার্ডম্যানের জন্য অভিষেকের সময়টা মোটেও অনুকূল ছিল না। তবে তিনি সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন এই ২১ বছর বয়সী পেসার।
গতকাল (১৩ নভেম্বর) পার্থের অপ্টাস স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংলিশদের আগে ব্যাটিং করতে নেমে তারা ৩৩.৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেট ও ১৫৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে।
ম্যাচে মাত্র ২৪ রানে ৬ উইকেট শিকার করে একাই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী পেসার বিয়ার্ডম্যান। দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হওয়ার পর থেকেই বিয়ার্ডম্যানকে নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। এবার জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই শিকার হিসেবে হ্যারি ব্রুক ও জো রুটকে সাজঘরে ফেরান বিয়ার্ডম্যান।
বিয়ার্ডম্যানের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে রয়েছে একটি দারুণ গল্প। ১৪-১৫ বছর বয়সে বাড়ির পাশের একটি জায়গায় ডাস্টবিন লক্ষ্য করে বোলিং করতেন তিনি। সেখান থেকেই তার প্রতিভা নজরে আসে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ডেনিস লিলির।
ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর লিলিকে কৃতিত্ব দিয়ে বিয়ার্ডম্যান বলেন, ‘ডিকে (ডেনিস লিলি) আমার জন্য অসাধারণ একজন মানুষ। তিনি এই খেলার অন্যতম সেরা কিংবদন্তি।’
নিজের ক্রিকেটে আসার গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বয়স যখন ১৪ কি ১৫, তখন বাড়ির পাশের একটি ডাস্টবিন লক্ষ্য করে বোলিং করতাম। পরিবারের এক বন্ধু আমাকে দেখে মনে করেছিলেন, আমার বলে ভালো গতি আছে। তিনি ডিকেকে চিনতেন। তার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন, “একটি ছেলে আছে, যার বলে বেশ ভালো গতি। আপনি কি তার সঙ্গে কাজ করতে আগ্রহী?”’
বিয়ার্ডম্যান যোগ করেন, ‘শুরুতে ডিকে রাজি হননি। তবে আমার চেষ্টা ও আগ্রহের কারণে কয়েক মাস পর তিনি রাজি হন। এরপর আমরা একটি অনুশীলন সেশন করি। সেই থেকে তাকে পাশে পেয়েছি। তিনি আমার জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন।’
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কর্চার্সের হয়ে খেলেন বিয়ার্ডম্যান। ২০২৩ সালের নভেম্বরে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অভিষেক হয়েছিল।
বিয়ার্ডম্যানের ক্রিকেটে আসার পেছনে আরেক অনুপ্রেরণা মিচেল জনসন। ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে জনসনের বিধ্বংসী বোলিং দেখেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তার।
এ প্রসঙ্গে বিয়ার্ডম্যান বলেন, ‘২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে মিচেল জনসনের পারফরম্যান্সই আমাকে প্রথম ক্রিকেট বল হাতে নিতে অনুপ্রাণিত করেছিল। তার সঙ্গে কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে। তিনি অসাধারণ একজন মানুষ। ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, সেটিই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।’
অন্যদিকে, ইংল্যান্ডের জন্য পার্থের অপ্টাস স্টেডিয়ামে প্রত্যাবর্তনটি হতাশার ছিল। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে প্রায় এক বছর আগে ২০২৫-২৬ অ্যাশেজের শুরুতে এই মাঠে দুই দিনের মধ্যে হেরেছিল ইংল্যান্ড।
সেই ম্যাচের মতো এবারও অল্প রানে অলআউট হয়েছে ইংলিশরা। পেস ও বাউন্সের জন্য পরিচিত এই উইকেটে ব্যাটারদের মানিয়ে নেওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাককালাম।
টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘ম্যাচের আগে এই উইকেট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখানে ব্যাটিং করাটা অনেকটা ট্রাম্পোলিনের ওপর ব্যাটিং করার মতো।’
তিনি আরও বলেন, ‘এখানে কিছু শট খেলা বেশ কঠিন। সেগুলো এড়িয়ে চলার বিষয়েও আমরা আলোচনা করেছিলাম। আমরা জানতাম, ম্যাচটি কম রানের হতে পারে। তবে ১৩১ রানের চেয়ে বেশি করার প্রত্যাশা ছিল। কন্ডিশনের সঙ্গে আমাদের আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে। আরও বেশি লড়াই করার মানসিকতা দেখাতে হবে।’
প্রথম ম্যাচের হতাশা ভুলে দ্রুতই ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। রোববার (১৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে অ্যাডিলেডে যাবে তারা। তবে এর আগে নেট অনুশীলনের সুযোগও পাচ্ছে না ইংলিশ দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন