প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই। তিনি রাজধানীর একটি হাসপাতালে রোববার (৩০ আগস্ট) ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
জানাজার পর আইজিপি মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
ডক্টর এম এনামুল হক ১৬ অক্টোবর ১৯৯১ থেকে ৮ জুলাই ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন।
তিনি ১৯৩৮ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
জ্ঞানপিপাসু ড. এম. এনামুল হক ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স থেকে লোক প্রশাসনে পিএইচ. ডি ডিগ্রিতে ভূষিত হন। এছাড়া, তিনি দেশ-বিদেশের বহু খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।
তিনি আইন কমিশন বাংলাদেশের সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা তার ছিল। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ থেকে ইন্টারপোলের একমাত্র নির্বাচিত সদস্য ছিলেন।
একজন সুলেখক হিসেবে ড. এম. এনামুল হকের খ্যাতি ছিল। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু খ্যাতনামা পত্রিকা ও জার্নালে নিয়মিত কলাম লিখতেন। মরহুমকে গোদাগাড়ীতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আইজিপির শোক
পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) মো. আলী হোসেন ফকির ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন