প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি বছরের নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রস্তুতি নিচ্ছিল। তবে হঠাৎ করে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে আগামী নভেম্বরে নির্ধারিত সময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের তথ্য এখনও আসেনি। মন্ত্রণালয় শূন্যপদের তথ্য পাঠানোর পর পিএসসি কার্যক্রম শুরু করবে। যদি সরকার পিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়, তাহলে নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশে কোনো সমস্যা হবে না। তবে যদি চেয়ারম্যানের নিয়োগ দ্রুত না হয়, তাহলে কমিশনের সভা অনুষ্ঠিত হবে না। এতে বিজ্ঞপ্তির সময় পেছানোর সম্ভাবনা তৈরি হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে জানান, "নিয়মিত বিসিএস আয়োজন ও শেষ করার ধারা বজায় রাখতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে।" তিনি আরও বলেন, "৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।"
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির জন্য প্রথা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠানো হবে। মন্ত্রণালয়ের শূন্যপদের তালিকা পাওয়ার পর পদসংখ্যা চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করবে কমিশন।
চেয়ারম্যানের অভাবে কাজের গতি কমে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, "চেয়ারম্যান না থাকায় স্বাভাবিক গতি হারাচ্ছে পিএসসি। তবে বিজ্ঞপ্তিতে দেরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।" তিনি আরও বলেন, "সেপ্টেম্বর মাসের মধ্যে চেয়ারম্যান পদে নিয়োগ না হলে, তখন যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশে প্রভাব পড়তে পারে।"
পিএসসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম বলেন, "যিনি ছিলেন, তিনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তাকে এখনো অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা জানা নেই।" তিনি আরও বলেন, "পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদ সরকারও ফাঁকা রাখতে চায় না। সেক্ষেত্রে অবশ্যই এ নিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন