প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পূর্বে জাতির কাছে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন, বর্তমানে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এও প্রধানমন্ত্রী এসব উদ্যোগের কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সালেহ শিবলী। তিনি কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্বে আসার পূর্বে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। বর্তমানে দেশের মধ্যে এসব পরিকল্পনার বাস্তবায়ন চলছে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তিনি বাংলাদেশের উদ্যোগগুলো তুলে ধরেছেন।
ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিন দিনের তুরস্ক সফর শেষে তিনি দেশে ফেরেন।
সালেহ শিবলী জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ-৩১ সম্মেলনের গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের অধিবেশন ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ওই অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। এছাড়া কপ-৩১ সম্মেলনে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে প্রেস সচিব বলেন, সফরের সময় বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ছিল মাত্র ২১ জন, যা একটি ইতিবাচক দিক বলে মন্তব্য করেন সালেহ শিবলী। প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় বিমানবন্দরে আগে যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও জনদুর্ভোগ সৃষ্টি হতো, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সরকারি সফরে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। কপ-৩১-এর পাশাপাশি আন্তালিয়া লিডার্স সামিটেও তিনি অংশগ্রহণ করেন। সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন