প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় এক দিনে তিনটি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটেছে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। তারা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে জানালার গ্লাসে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তার ব্যবসায়িক অফিস রয়েছে। তিনি জানান, এর আগে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল।
এদিকে বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, রেস্টুরেন্টটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’ নামক একটি গোষ্ঠীর সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসের মধ্যে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা। মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে পুনরায় রেস্টুরেন্টটি চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরো জানায়, গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এতে রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে। ঘটনার সময় টহল পুলিশ থাকলেও দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে নগরীর সদর থানা বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে (৫০) লক্ষ্য করে গুলি ছোড়ে হেলমেট পরা চার ব্যক্তি। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
পুলিশ জানায়, আবু সাঈদ বেলায়েত হোসেন সড়কের নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় হেলমেট পরা চার ব্যক্তিকে আসতে দেখে তিনি দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিরাও তার কক্ষে ঢুকে কোমর থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছড়ানোর চেষ্টা করে। এ সময় আবু সাঈদ হামলাকারীদের বাধা দিতে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে একটি গুলি ছোঁড়া হলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের দরজায় লাগে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঈদ শিকদার তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন