প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে তেলের দাম বৃদ্ধির গতি থমকে গেছে। তবে ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাজারে কিছুটা সমর্থন প্রদান করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমে এসেছে।
এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআইয়ের দাম ৩.২ শতাংশ কমে গিয়েছিল, যা গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহনের পরিমাণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে চাপ পড়ছে। তবে ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার ঝুঁকি থাকায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগও রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বৃদ্ধি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, যার ফলে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতি মন্থর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি, ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনার জন্য খরচ বেড়ে যায়।
বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়েছে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকেরা ১৮ নভেম্বরের এক নোটে জানান, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বৃদ্ধির আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করছে।
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় বাজারে দরপতনের চাপ আরও বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন যে, মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে। প্রত্যাশার তুলনায় মজুতের এই বড় বৃদ্ধি বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কাকে আরও জোরালো করেছে। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন