প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেছেন, যদি ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়, তাহলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করে জবাব দেবে। তবে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন। সম্প্রতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে সামরিক বিমানে করে বাংলাদেশে পাঠানো এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার শর্ত দিয়েছে ভারত।
এ প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে এ নিয়ে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না, কারণ এসব তথ্য ভারত সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে জানানো হয়নি। তিনি আরও বলেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ সে অনুযায়ী পদক্ষেপ নেবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ চুক্তির আওতায় বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে। শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খুঁটিয়ে দেখছে। সরকারের অবস্থান হলো, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে সাজা ভোগ করতে হবে।
বাংলাদেশি পাসপোর্ট দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী, নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি হন কিংবা তাঁর বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা থাকে, তাহলে সরকার তাঁকে পাসপোর্ট দিতে বাধ্য নয়।
এ প্রসঙ্গে ভারত কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, সেই প্রশ্নও তোলা যায় বলে মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, ভারতের সাড়া পেলে বাংলাদেশের মানুষের জন্য বিষয়টি সহজ হবে।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন শামা ওবায়েদ। এসব ঘটনার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অন্য দেশে বসে কেউ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে সরকারকে তা মোকাবিলা করতে হবে।
তবে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, “ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়েও অনেক বড় বিষয়।” তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব অনেক বেশি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও জানান শামা ওবায়েদ।
সম্প্রতি দুই দেশের কনস্যুলার সংলাপ না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকটি বাতিল করা হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে। দুই দেশের সম্মতিতে সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে সফরের তারিখ ও বিস্তারিত কর্মসূচি পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন