প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পর্কিত ৯ নভেম্বর তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে তাদের নিজস্ব আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কমিশনের সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল। ওই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে বুধবারের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম হলো, ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা। সভায় আরও সিদ্ধান্ত হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।
ইউজিসির সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন