প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাহিদ রানা সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হিসেবে তার প্রতি বিসিবির আরও বেশি সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে এক সময় স্পিন নির্ভরতা ছিল। মিরপুরের উইকেটেও তাদের সুবিধা অনুযায়ী তৈরি হত। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সেই চিত্র বদলেছে। বর্তমানে টাইগার পেসারদের দাপট নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।
অভিষেকের পর থেকেই নাহিদ রানা মুগ্ধতা ছড়াচ্ছেন। তার প্রশংসায় বিভোর হয়ে রয়েছেন বিশ্বের কিংবদন্তিরা। ইয়ান বিশপ তাদের মধ্যে একজন। তিনি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ রানার বিষয়ে পোস্ট করেন। অস্ট্রেলিয়ার মাটিতে তার বোলিং দেখতে না পেয়ে তিনি হতাশ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আসা বিশপ নাহিদকে মিস করছেন। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া নাহিদ এখনও ফিট হয়ে উঠতে পারেননি। এই কিংবদন্তির পক্ষ থেকে তাকে নিয়ে আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
বিশপ বলেন, ‘নাহিদ বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টারদের একজন। সে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে খুঁজছে। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তাকে বল করতে দেখার জন্য আমি মুখিয়ে ছিলাম, তাই সে না থাকায় কিছুটা হতাশ হয়েছি। তবে তার সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাস্ট বোলিং খুবই কঠিন কাজ এবং অন্যদের তুলনায় বেশি ইনজুরিপ্রণ। তাই আমি বলব তাৎক্ষণিক সাফল্যের লোভে পড়ে ‘সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না’।’
নাহিদ রানা সবার আলোচনার কেন্দ্রে থাকলেও বিশপের মতে বাংলাদেশের পেস বিপ্লবের কারিগর হলেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদেও মুগ্ধ এই কিংবদন্তি। তিনি বলেন, ‘পেস বোলিংয়ের বিপ্লব নাহিদ রানাকে দিয়ে শুরু হয়নি। আমি ১০ বছর ধরে তাসকিনকে চিনি। এরপর এবাদত, শরিফুল ও হাসানের হাত ধরে এই আক্রমণ গড়ে উঠেছে। সব কন্ডিশনে জেতার মতো পেস ইউনিট তৈরির কৃতিত্ব বিসিবির। হাসান বিশ্বের অন্যতম সেরা লাইন বোলার। কেন্ট তাকে নিয়েছে, কারণ সে আগে থেকেই দুর্দান্ত। তাসকিন, হাসান ও নাহিদকে আবার একসঙ্গে বোলিং করতে দেখার অপেক্ষায় আছি।’
ওয়ানডেতে বাজে সময় কাটালেও শান্তর অধীনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দারুণ ছন্দ রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তারা চার নম্বরে অবস্থান করছে। তৈরি হয়েছে ফাইনাল খেলার সম্ভাবনাও। টাইগারদের কাছ থেকে বড় একটি চমক দেখতে চান বিশপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন