প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন (আইজিসি) ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা তরুণদের অগ্রাধিকারমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে।
রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসের উপাচার্যের সম্মেলনকক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, “তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের মূল প্রাণশক্তি।”
তিনি আরও বলেন, আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার সরাসরি সুযোগ তৈরি হবে।
জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ অনুষ্ঠানে দেশের উপযুক্ত সুযোগ সৃষ্টির মাধ্যমে মেধা পাচার রোধে এ অংশীদারত্বের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আইজিসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একসঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে আমরা তরুণদের নেতৃত্বে, তরুণদের জন্য উদ্ভাবনের একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলছি।”
এ উদ্যোগের লক্ষ্য হলো, মেধাবীদের বিদেশে চলে যাওয়ার পেছনের কারণগুলোকে দেশের ভেতরে শক্তিশালী সুযোগ ও আকর্ষণ তৈরির মাধ্যমে প্রতিস্থাপন করা। তাঁর মতে, এর মাধ্যমে দেশে উপযুক্ত সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের ‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারকে স্থায়ী ‘ব্রেইন গেইন’ বা মেধা সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।
এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময় ও জ্ঞান আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ অংশীদারত্বের ফলে এনএসইউর শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইজিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী এবং সময় নিউজের এডিটর ও আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের সদস্য ইমামুল হক শামীম।
সমঝোতা স্মারকের আওতায় তরুণদের ক্ষমতায়নকে কেন্দ্র করে যৌথ একাডেমিক উদ্যোগ, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম এগিয়ে নিতে উভয় প্রতিষ্ঠান কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন