প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মতি প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্রেমলিনে বৈঠক শেষে মার্কিন দূত স্টিভ উইটকফ এ তথ্য জানান। মার্কিন দূত জ্যারেড কুশনারও পরে বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করতে সম্মত হয়েছে।
মস্কোয় বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফ ও তাঁর জামাতা কুশনার। বৈঠক শেষে উইটকফ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তিনি বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের অংশীদার এবং আলোচনায় তাঁদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে পুতিন বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় মিত্ররা আগ্রহী কিনা, নাকি যুদ্ধ চালিয়ে যেতে চায়, তা বুঝতে ওয়াশিংটনকে তাদের সঙ্গে কাজ করতে হবে। তাঁর মতে, মস্কো কখনোই ইউরোপের সঙ্গে সংলাপ বন্ধ করেনি; বরং ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) সংলাপ ছিন্ন করেছিল।
বৈঠকে কুশনার জানান, ইউরোপীয় পক্ষের অবস্থানে বড় পরিবর্তন লক্ষ্য করেছে ওয়াশিংটন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনায় ইউরোপীয়দের অন্তর্ভুক্ত করা হলে অগ্রগতি বাধাগ্রস্ত হবে না।
তবে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে পরবর্তী আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণ নিশ্চিত করেননি। তিনি ইউক্রেন ইস্যুতে ইউরোপের বর্তমান অবস্থানকে ‘অন্তহীন যুদ্ধের ফর্মুলা’ বলে মন্তব্য করেন।
এদিকে পুতিন সতর্ক করে বলেন, শান্তি চুক্তির পর ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ইউরোপীয় পরিকল্পনা বাস্তবায়িত হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে। তিনি জানান, রাশিয়া এমন পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখবে।
বৈঠকের পর উইটকফ ও কুশনার আয়ারল্যান্ডের ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। জেলেনস্কি পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণের সম্ভাবনাকে স্বাগত জানান। তিনি যুদ্ধবিরতি ও সংঘাত প্রশমনের পদক্ষেপ অন্তর্ভুক্ত করার আশাও প্রকাশ করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) কুশনার জানান, পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে। তিনি আরও জানান, যুদ্ধ চলাকালে সবচেয়ে বড় বন্দিবিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কয়েক হাজার মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পারেন বলে তিনি প্রত্যাশা করেন।
তবে আলোচনা চলাকালীন নতুন উত্তেজনাও দেখা দিয়েছে। জেলেনস্কি অভিযোগ করেছেন, স্টারশিল্ড স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় নতুন বিধিনিষেধের কারণে ইউক্রেনের সম্মুখসারি এবং রুশ-নিয়ন্ত্রিত এলাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্টারশিল্ড হলো স্পেসএক্সের স্টারলিংক সেবার সামরিক সংস্করণ। এ বিষয়ে স্পেসএক্স কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার সঙ্গে ইউরোপের নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার ধরনকেও ‘কিছুটা অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইউক্রেনের ভূখণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু সিদ্ধান্ত দেশটির সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বেগ তৈরি করছে।
এদিকে মস্কোয় মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে পূর্ব ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহরে রাশিয়া ও ইউক্রেনের যৌথ মানবিক মিশন পরিচালনার প্রস্তাব দেন পুতিন। শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি। তবে কিয়েভ এ দাবি মেনে নেয়নি।
পুতিন জানান, শহরটিতে আটকে থাকা ৪০০ থেকে ৫০০ বাসিন্দার জন্য মানবিক মিশন পরিচালনার আগে এলাকাটি মাইনমুক্ত করতে রাশিয়ার পাঁচ দিন সময় লাগবে। মার্কিন দূতেরা প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন বলে ক্রেমলিনের উপদেষ্টা উশাকভ জানান। তবে কিয়েভের আশঙ্কা, এ ধরনের মানবিক বিরতি বা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে মস্কো নিজেদের সামরিক বাহিনী পুনর্গঠন করতে পারে।
চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনের ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। গত নয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের এটিই ছিল প্রথম সরাসরি আলোচনা। সেখানে কিছু অগ্রগতি হলেও ভূখণ্ড নিয়ে বড় মতপার্থক্য রয়ে গেছে। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। পূর্বাঞ্চলীয় দোনবাসের বাকি অংশ ছেড়ে দিতে রাজি নয় কিয়েভ।
পুতিন ভূখণ্ড নিয়ে তাঁর দাবিতে ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত দেননি। ইউক্রেনের কিছু এলাকায় নিরাপত্তা বলয় তৈরির দাবি এবং ২০২২ সালে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া চারটি ইউক্রেনীয় অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেও তিনি অনড় রয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন