প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রেমের সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নিয়মিত কথাবার্তাও হচ্ছে না। এমনকি পছন্দের মানুষটি হয়তো জানেনই না, তার সম্পর্কে কারও মনে তৈরি হয়েছে ভালোবাসার একটি গল্প। তবু মনে মনে সেই ব্যক্তির সঙ্গে ভবিষ্যৎ সাজানোর, একসঙ্গে সময় কাটানোর কল্পনা কিংবা সম্ভাব্য সম্পর্ক নিয়ে ভাবনায় ডুবে থাকার প্রবণতাকে বলা হচ্ছে ‘ডেলুশনশিপ’।
সাম্প্রতিক সময়ে জেন-জিদের মধ্যে এই শব্দটি পরিচিতি লাভ করেছে এবং এটি ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত হয়ে উঠেছে। বাস্তবে কোনো সম্পর্কের অস্তিত্ব না থাকলেও, নিজের কল্পনায় কাউকে ঘিরে প্রেমের গল্প তৈরি করাই মূলত ডেলুশনশিপের সংজ্ঞা।
‘ডেলুশনশিপ’ শব্দটি ইংরেজি ‘ডেলুশন’ এবং ‘রিলেশনশিপ’ শব্দের সমন্বয়ে গঠিত। সহজভাবে বললে, এটি একটি কাল্পনিক সম্পর্কের ধারণা, যেখানে একজন ব্যক্তি নিজের মনে অন্য কাউকে নিয়ে প্রেমের বিভিন্ন দৃশ্য ও ভবিষ্যতের পরিকল্পনা সাজান। অথচ অপর পক্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এমনকি বিষয়টি সম্পর্কে অপর ব্যক্তি কিছু জানতেও পারেন না।
কেন তৈরি হয় ডেলুশনশিপ?
কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এই কল্পনার সূচনা হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি, ভিডিও কিংবা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে।
বাস্তবে যোগাযোগ না থাকলেও, মনের মধ্যে সম্পর্কের গল্প এগিয়ে চলে। কল্পনায় তৈরি হয় একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা ভবিষ্যৎ জীবনের নানা মুহূর্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এখন দূর থেকেই কাউকে অনুসরণ করা সহজ হয়েছে। তার অনলাইন উপস্থিতি, ছবি কিংবা পোস্ট দেখে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরি করেন অনেকে। কখনো সেই ধারণার ভিত্তিতে বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়।
একতরফা প্রেমের সঙ্গে কি একই?
ডেলুশনশিপ এবং একতরফা প্রেম কাছাকাছি মনে হলেও, দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। একতরফা প্রেমে একজন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না।
অন্যদিকে, ডেলুশনশিপে বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি থাকে। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা কিংবা তাকে ঘিরে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য নিজের মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য।
কখন সতর্ক হওয়া প্রয়োজন?
কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক কিছু নয়। তবে যখন সেই কল্পনা বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা অত্যন্ত জরুরি। অপর ব্যক্তির অনুভূতি, আগ্রহ ও সম্মতিকেও গুরুত্ব দিতে হবে। কারণ, মনের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক বাস্তব সম্পর্কের বিকল্প হতে পারে না।
তবে মনে রাখতে হবে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং তরুণ প্রজন্মের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন