প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে সড়কের উপর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টা ও ভোর ৫টার সময় উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে পশ্চিম পাশের সার্ভিস লেনে এই ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে একটি সংঘবদ্ধ দল সড়কের পাশ থেকে গাছ কেটে সার্ভিস লেনে ফেলে ব্যারিকেড তৈরি করে। এ সময় একটি পিকআপ ভ্যান এবং দুটি সিএনজি অটোরিকশা থামিয়ে চালক, সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়।
এরপর ভোর ৫টার দিকে একই স্থানে একই কায়দায় একটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, গত এক বছরে ওই এলাকায় অন্তত ১০ থেকে ১২ বার একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। এর ফলে রাতের বেলায় এক্সপ্রেসওয়ের ওই অংশ দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় ডাকাতরা ডাকাতি করতে পারেনি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন