প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায় শুরু হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
বছরের পর বছর ধরে আর্জেন্টিনার হয়ে ইতিহাস গড়েছেন মেসি। অন্যদিকে, পর্তুগালের জার্সিতে নিজের অমর অধ্যায় রচনা করেছেন রোনালদো। মাঠের লড়াইয়ে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। তবে মাঠের বাইরের সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি বরাবরই ছিল গভীর সম্মান।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পরদিন, তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন রোনালদো। সেখানে পর্তুগিজ তারকা লেখেন, "লিও, এত বছর তোমার দেশের হয়ে লড়াই করেছ এবং এমন একটি গল্প লিখেছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। আলিঙ্গন।"
রোনালদোর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্ট করার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে মন্তব্যটিতে পড়ে যায় ১০ হাজারের বেশি লাইক। পাশাপাশি জমতে থাকে অসংখ্য প্রতিক্রিয়া।
৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার (৬ অক্টোবর) বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। পূর্ণ গ্যালারির সামনে বিদায়ী ম্যাচটিও তিনি স্মরণীয় করে রাখেন। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।
আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সময় একাধিক রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টদাতা হওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে রয়েছে।
এদিকে, মেসির বিদায়ের সময়ে রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। পর্তুগালের ক্যাম্প ছাড়ার পর তার অবসর নিয়ে জল্পনা শুরু হলেও পরে রোনালদো স্পষ্ট করেন, তিনি এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন না।
বরং পর্তুগালের জার্সিতে সামনে ‘এক বা একাধিক বিদায়ী ম্যাচ’ খেলার সম্ভাবনার কথাও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ফুটবলের দুই মহাতারকার আন্তর্জাতিক অধ্যায় এখন শেষের পথে। একজন বিদায় নিয়েছেন, অন্যজনও ক্যারিয়ারের শেষ প্রান্তে এগিয়ে যাচ্ছেন। তবে মেসি-রোনালদোর দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা, অসংখ্য রেকর্ড এবং পারস্পরিক সম্মানের গল্প ফুটবল ইতিহাসে বেঁচে থাকবে আরও বহু বছর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন