প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জন্মের পর দেড় বছর বয়সে দত্তক হয়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন তিনি। প্রায় ৪৫ বছর কেটে গেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে শৈশবের স্মৃতি হারিয়ে গেছে, জন্মভূমি হয়ে উঠেছে অচেনা, জন্মদাতা মা-বাবা ও স্বজনরা হয়েছেন অজানা। তবে শেকড়ের প্রতি আকর্ষণ এবং নিজের পরিচয় জানার ইচ্ছা তাকে থামাতে পারেনি। অবশেষে জন্মদাতা পরিবারের সন্ধানে বাংলাদেশে এসে নতুন আশার আলো খুঁজে পেয়েছেন। আবু সৈয়দ নামে এক ব্যক্তি নিজেকে তার ভাই দাবি করেছেন। এখন সেই দাবির সত্যতা যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করেছেন সেলিনা গোমেজ।
নেদারল্যান্ডস থেকে জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজতে বাংলাদেশে আসা সেলিনা গোমেজের সঙ্গে গত রোববার (৮ নভেম্বর) কক্সবাজার শহরের একটি তারকা হোটেলে সাক্ষাৎ করেন আবু সৈয়দ। এর আগে, গত শনিবার (৭ নভেম্বর) কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে পরিবারের সন্ধানে ছিলেন সেলিনা। এ সময় আবু সৈয়দ তার কাছে এসে নিজেকে সেলিনার ভাই হিসেবে পরিচয় দেন।
সাক্ষাতের সময় ডিএনএ পরীক্ষার জন্য আবু সৈয়দের নমুনা সংগ্রহ করা হয়। সেলিনা এই নমুনাটি ঢাকায় নিয়ে পরীক্ষা করানোর পরিকল্পনা করেছেন। যদি পরীক্ষায় ডিএনএ মিল পাওয়া যায়, তবে আবু সৈয়দের মাধ্যমে জন্মদাতা পরিবারের অন্যান্য সদস্যদের খুঁজে পাওয়ার আশা করছেন তিনি।
নিজের শেকড় খুঁজে পাওয়ার এই নতুন সম্ভাবনায় সেলিনা আশাবাদী। তবে আবু সৈয়দের দাবির সত্যতা নিশ্চিত করার জন্য এখন ডিএনএ পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন।
জানা গেছে, সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জন্মের পর তাকে দত্তক দেওয়া হয়। দেড় বছর বয়সে এক নারীর মাধ্যমে ঢাকায় আসেন তিনি। পরে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। সেখানে নতুন পরিবার, নতুন পরিবেশ ও নতুন পরিচয়ে বেড়ে ওঠেন তিনি। নাম হয় সেলিনা গোমেজ।
তবে নতুন পরিচয়ে জীবন কাটালেও জন্মদাতা মা-বাবা ও নিজের শেকড়ের পরিচয় জানার আকাঙ্ক্ষা কখনো হারিয়ে যায়নি। পুরোনো কিছু নথি, শৈশবের একটি সাদাকালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি—এই সামান্য স্মৃতিচিহ্ন নিয়েই শুরু হয়েছে তার দীর্ঘ অনুসন্ধান।
সেলিনার কাছে থাকা পাসপোর্টের ফটোকপিতে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই এবং জাতীয়তা বাংলাদেশি। বর্তমানে ৪৬ বছর বয়সী সেলিনা নেদারল্যান্ডসের নাগরিক। তবে নিজের জন্মপরিচয় ও পরিবারের সন্ধানে তিনি ফিরে এসেছেন বাংলাদেশে। বাংলা ভাষাও বলতে পারেন না। ফলে মানুষের সঙ্গে যোগাযোগ করতে এবং সম্ভাব্য স্বজনদের খুঁজে পেতে তাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।
সেলিনা গোমেজ বলেন, “আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না। তবে জানি, আমার বর্তমান মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ।”
নেদারল্যান্ডসে নিজেকে একা অনুভব করার কথা জানিয়ে সেলিনা বলেন, তিনি জন্মদাতা মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাওয়ার আশা করছেন। তাদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা থেকেই এত দূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন।
নিজের জন্ম ও দত্তক হওয়ার বিষয়ে সেলিনা জানান, তিনি জানতে পেরেছেন, তার জন্ম মালুমঘাটে। দেড় বছর বয়সে এক নারী তাকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবারের স্নেহ-ভালোবাসা ও আদর-যত্নেই বড় হয়েছেন তিনি।
অন্যদিকে, নিজেকে সেলিনার ভাই দাবি করা আবু সৈয়দের বাবার নাম মোহাম্মদ ছাছি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদপাড়ার বাসিন্দা। তার জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি। ডিএনএ পরীক্ষার ফলের মাধ্যমেই সেলিনার সঙ্গে তার রক্তের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর আরও কয়েকবার দেশে এসেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। এক ঘনিষ্ঠজনের মাধ্যমে সেলিনার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে জন্মদাতা পরিবারের সন্ধানে তাকে সহযোগিতা করছেন তিনি।
রাসেল আলম আরও জানান, সেলিনা আগামী ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে থাকবেন। বর্তমানে তারা কক্সবাজারে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে চকরিয়াসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় তার পরিবারের সন্ধান চালানো হবে।
প্রায় সাড়ে চার দশক আগে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, সেই পরিবারের কাউকে খুঁজে পাওয়ার আশায় এখন প্রতিটি দিন কাটছে সেলিনার। পুরোনো একটি ছবি, পাসপোর্টের কয়েকটি তথ্য আর মানুষের দেওয়া সূত্র ধরে চলছে তার অনুসন্ধান। আবু সৈয়দের সঙ্গে ডিএনএ পরীক্ষার ফল যদি মিলে যায়, তবে হয়তো দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটবে। অচেনা জন্মভূমিতে খুঁজে পাবেন নিজের রক্তের সম্পর্ক, ফিরে পাবেন হারিয়ে যাওয়া পরিবারের ঠিকানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন