প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণার মাধ্যমে আমদানি করা একটি চালানে সিগারেট তৈরির জন্য ব্যবহৃত সাতটি মেশিনসহ একটি প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য জানানো হয়েছিল, তবে বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত হয়েছে। চালানটি ছয়টি প্যাকেজে আমদানি ঘোষণায় দেখানো হয়েছে।
ঢাকার মিরপুরের বাণিজ্যিক আমদানিকারক জেআর বিজনেস ওয়ার্ল্ড, বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১, সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই চালানটি আমদানি করেছে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়। এতে প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছে। সিআইআইডির পরীক্ষায় চালানে পাওয়া যায় এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার। অর্থাৎ, চালানে প্যাকিং সরঞ্জামের পাশাপাশি সিগারেট তৈরির মূল মেশিনও অন্তর্ভুক্ত রয়েছে। চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অন্যদিকে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে এই মূল্য প্রাথমিক ও তুলনামূলক; মেশিনের মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা যাবে। আমদানি নথি অনুযায়ী চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের জন্য নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড, এআইএন ৩০১৭৬০৬২১।
সিআইআইডির তথ্যপত্র অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ করা।
সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট তৈরির মেশিনের আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া উচিত। এ ধরনের যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক যাচাই করা প্রয়োজন।
অধিদপ্তরের মতে, যদি এই সংশ্লিষ্টতার বাইরে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হয়, তবে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি থাকে। এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীদের ব্যবসায়িক ক্ষতি এবং সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির সঠিকতা, সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ের বিষয়টি বিস্তারিত তদন্তের পর সকলকে অবহিত করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সিগারেট খাতের সঠিক রাজস্ব আদায় এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন