প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ পালিত হচ্ছে।
১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এই বিশেষ উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটি উপলক্ষে একটি বাণী প্রদান করেছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানী গণমানুষের পক্ষে সোচ্চার ছিলেন। তিনি ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দিয়েছেন, যা তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থানের অধিকারী করে তুলেছে।
মওলানা ভাসানীর রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। তার কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জন নয়, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করারও নাম।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মৎ মজিরন বিবি। তবে তিনি জীবনের সিংহভাগ কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তীতে ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তার চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য এবং সাধারণ মানুষের বঞ্চনা তাকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত করে।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে তিনি আবারও সাধারণ মানুষের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির প্রশ্নে সক্রিয় হন।
স্বাধীন বাংলাদেশেও তার রাজনীতির মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জনগণের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য এবং গণতান্ত্রিক জবাবদিহির দাবি জানান। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি তার দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করা হয়েছে।
অন্যদিকে, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা শুরু হয়েছে। এটি আজ ১৭ নভেম্বর শেষ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন