প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টির ফলে দেশের নদ-নদীগুলো এখন ফুঁসে উঠেছে। এরই মধ্যে দেশের অন্তত সর্বাধিক পাঁচটি স্টেশনে নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের আজকের (১২ জুলাই) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত এক ডজন জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতি হতে পারে।
অথচ দক্ষিণের পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কিছুটা কমায়, সেখানকার পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা দেখা গেলেও নতুন করে বন্যার শঙ্কায় কাঁপছে উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ৫টি পয়েন্টে নদী এখন বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে রয়েছে বান্দরবান ও চট্টগ্রামের দোহাজারী স্টেশনে সাঙ্গু নদী, সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদী, নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে সোমেশ্বরী নদী।
উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানির পরিমাণ দ্রুত বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কোথাও কোথাও স্বল্পমেয়াদি অবনতি হতে পারে।
একই সময়ে উত্তরের সীমান্তঘেঁষা জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, উপকূলীয় জেলা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকাগুলোও এ সময় সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
উদ্বেগের মাঝেও স্বস্তির খবর আসছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
সারা দেশের এই বন্যা পরিস্থিতির পেছনে রয়েছে গত কয়েক দিনের টানা বর্ষণ। শুধু মফস্বল নয়, গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত হওয়া মাত্র ৬ ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকা তলিয়ে গেছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। রাজধানীর এই জলজট নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তা নদ-নদীর পানি বাড়িয়ে বন্যা পরিস্থিতির আকার নিচ্ছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এরই মধ্যে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন