প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকরা ধারণা করছেন যে প্রচণ্ড গরম এবং শারীরিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে (২ জুলাই) পৌরসভার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলাম তার গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নাঈমা আক্তার উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে।
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কেন্দ্র সচিব নিয়াজ আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থী নাঈমা আক্তার আগে থেকেই অসুস্থ ছিলেন। পরীক্ষার শেষ পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে, আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠাই ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করি। পরে অভিভাবকরা এসে তাকে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
অন্যদিকে, কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা রানী সরকার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং ভর্তি রয়েছেন। সূচনা রানী সরকার জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার সুধা সরকারের মেয়ে।
শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে সূচনা অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকদের তরফ থেকে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা মুঠোফোনে বলেন, দুই শিক্ষার্থী প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছে। একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন