প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাইকোর্ট শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়নের উদ্দেশ্যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
হাইকোর্ট সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যানকে পালন করতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। আদালত একই সাথে এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা প্রণয়নে এবং শিশুদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না।
বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জানিয়েছেন, বাংলাদেশে কোনো নীতিমালা না থাকার কারণে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে।
আইসিডিডিআরবি এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে এই ব্যবহার। গবেষণায় অংশগ্রহণকারী শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার এবং গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এই হার তুলনামূলকভাবে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘকাল পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন