প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্যামেরুনের এক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী গ্যাস বা বিদ্যুৎ ছাড়া রান্না করার জন্য একটি বিশেষ ‘থার্মাল কুকিং ব্যাগ’ তৈরি করেছেন। এই ব্যাগটির নাম ‘ওয়ান্ডারব্যাগ’ এবং এটি খাবারের তাপ ধরে রেখে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে রান্না সম্পন্ন করতে সক্ষম।
বিশেষ কাপড় এবং পুরু তাপ-নিরোধক উপাদান, যেমন ফোমের টুকরা ব্যবহার করে তৈরি করা এই ব্যাগটি মূলত স্লো কুকারের মতো কাজ করে। রান্নার প্রক্রিয়া শুরু করতে একটি হাঁড়িতে থাকা খাবারকে গ্যাস বা কাঠের চুলায় পাঁচ থেকে ১০ মিনিট ফুটানো হয়। খাবার ফুটতে শুরু করার পর ঢাকনাসহ হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ব্যাগের ভেতরে রাখা হয় এবং ব্যাগটি ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়।
ব্যাগের ভেতরে থাকা তাপ-নিরোধক উপাদান হাঁড়ির তাপ বাইরে বের হতে দেয় না। ফলে সেই তাপের সাহায্যে খাবার আরও আট থেকে ১২ ঘণ্টা ধীরে ধীরে রান্না হতে থাকে। এই সময় অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ বা অন্য কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না।
বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি ভাত, ডাল এবং মাংস রান্নার জন্য বিশেষভাবে উপযোগী।
ক্যামেরুনের এক নারী পদার্থবিজ্ঞান শিক্ষার্থী হাতে তৈরি করেছেন এই ব্যাগ। তার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করলে জ্বালানির খরচ প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
এছাড়া, জ্বালানির চাহিদা কমে যাওয়ায় গাছ কাটার প্রবণতাও হ্রাস পেতে পারে। একই সঙ্গে কাঠ বা অন্যান্য জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়ার সংস্পর্শ থেকেও মানুষকে সুরক্ষা দিতে পারে এই ব্যাগ।
এখন পর্যন্ত ক্যামেরুনের বিভিন্ন বাজারে দুই হাজারের বেশি ওয়ান্ডারব্যাগ বিক্রি হয়েছে। পরিবেশবান্ধব এবং কম খরচে রান্নার এই উদ্ভাবন স্থানীয় মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সূত্র: সামা টিভি অনলাইন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন