প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমন চাষিরা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন। কৃষকেরা জমি থেকে কাটা পাকা ধান শুকানোর জন্য খোলা স্থানে রেখেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে কাটা ধান ভিজে গেছে। এতে তাঁদের ধান শুকানো, মাড়াই এবং ঘরে তোলার বিষয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে, তবে ধান পচে যাওয়ার পাশাপাশি কৃষকদের জন্য আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।
স্থানীয় আমন চাষিরা জানিয়েছেন, অগ্রহায়ণ মাস হচ্ছে আমন ধান কাটার সময়। এই সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা স্থানে শুকাতে রেখেছেন, আবার কেউ কেউ কাটা ধান জমিতেই স্তূপ করে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে যাওয়ায় ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দামোদরপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কৃষক সৈয়দ সাহিবুল ইসলাম বলেন, ‘এবার দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলব। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে ঘরে তুলব, সেটাই বুঝতে পারছি না। বৃষ্টি আরও কয়েক দিন চললে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ঘরে তোলার সময় এসে এমন বিপদে পড়েছি।’
কালুপাড়া ইউনিয়নের কালা আমেরতল গ্রামের কৃষক আব্দুল মমিন বলেন, ‘পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে রেখেছি। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। বৃষ্টির কারণে ধান শুকানো যাচ্ছে না। ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।’
রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, রোববার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদরগঞ্জ উপজেলায় ১৯ হাজার ৭৬৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সেলিনা আফরোজ বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন