প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বয়স বিশের সীমা অতিক্রম করার পর বন্ধুমহলে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার গড়েন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল ছবি শেয়ার করেন। এর মধ্যে কিছু অবিবাহিত বন্ধুকে আড্ডা কিংবা পারিবারিক অনুষ্ঠানে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
অনেক সময় নিছক কৌতূহল বা মজার ছলে বলা কথাগুলো অবিবাহিত বন্ধুকে বিব্রত করতে পারে। এমনকি এসব মন্তব্য বন্ধুত্বের মধ্যে দূরত্বও তৈরি করতে পারে। তাই বন্ধুর মানসিক স্বস্তি এবং সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখতে কিছু কথা বলা থেকে বিরত থাকা প্রয়োজন।
১. ‘তোমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে’
প্রত্যেক মানুষের জীবনযাপনের ধরন এবং অগ্রাধিকার আলাদা। কেউ আগে নিজের কর্মজীবন গুছিয়ে নিতে চান, কেউ মানসিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকেন। আবার কেউ হয়তো নিজের পছন্দের মানুষটিকে এখনো খুঁজে পাননি।
তাহলে বয়সের সঙ্গে বিয়ের সিদ্ধান্তকে মিলিয়ে কাউকে চাপ দেওয়া উচিত নয়। এমন মন্তব্যে সংশ্লিষ্ট ব্যক্তি অস্বস্তিতে পড়তে পারেন এবং বিয়ে নিয়ে বাড়তি মানসিক চাপ অনুভব করতে পারেন।
২. ‘আর কত বাছবিচার করবে?’
জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব পছন্দ এবং চাহিদা থাকে। সারাজীবন একসঙ্গে কাটানোর জন্য উপযুক্ত মানুষ খুঁজতে সময় নেওয়া অস্বাভাবিক নয়।
কিন্তু কেউ পছন্দের মানুষ খুঁজতে সময় নিলেই তাকে অতিরিক্ত বাছবিচার করছেন বলে মন্তব্য করা উচিত নয়। এমন কথা তার সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাসকে আঘাত করতে পারে।
৩. ‘বিয়ে না করলে একা হয়ে যাবে’
বিয়ে না করলেই যে মানুষ একাকী হয়ে পড়বেন, এমন ধারণা সঠিক নয়। অনেকেই অবিবাহিত থেকেও পরিবার, বন্ধু এবং নিজের পছন্দের কাজ নিয়ে পরিপূর্ণ জীবন কাটান।
অন্যদিকে, বিয়ে করলেই যে একাকিত্ব থাকবে না, তারও নিশ্চয়তা নেই। তাই বন্ধুর ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মন্তব্য না করে তার বর্তমান জীবন এবং সিদ্ধান্তকে সম্মান জানানোই শ্রেয়।
৪. ‘বিয়ে করলে জীবন অনেক সহজ হয়ে যাবে’
বিবাহিত জীবনে ভালো লাগা এবং আনন্দের পাশাপাশি দায়িত্ব এবং নানা চ্যালেঞ্জও থাকে। বিয়ে করলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যায় না।
কেউ মানসিকভাবে প্রস্তুত না থাকলে কিংবা উপযুক্ত সঙ্গী খুঁজে না পেলে শুধু অন্যের কথায় বিয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই বিয়ের ভালো দিক তুলে ধরতে গিয়ে এর দায়িত্ব এবং বাস্তবতাগুলো উপেক্ষা করা উচিত নয়।
৫. ‘তোমার কি কোনো সমস্যা আছে?’
নির্দিষ্ট বয়সে বিয়ে না করলে অনেক সময় মানুষকে নিয়ে নানা ধরনের অনুমান শুরু হয়। এমনকি বন্ধুরাও কখনো কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করে বসেন।
কিন্তু কেউ অবিবাহিত কেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এমন প্রশ্নে তিনি বিব্রত বা অপমানিত বোধ করতে পারেন। তাই ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অযাচিত মন্তব্য না করাই ভালো।
৬. ‘তোমার তো কোনো দায়িত্বই নেই’
অবিবাহিত মানুষের জীবনে দায়িত্ব বা মানসিক চাপ নেই, এমন ধারণাও ভুল। পরিবার, কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে তাদেরও নানা চিন্তা এবং দায়িত্ব থাকতে পারে।
বিয়ে না করার কারণে কারও জীবনকে সহজ বা দায়িত্বহীন বলে ধরে নেওয়া তার ব্যক্তিগত সংগ্রামকে ছোট করে দেখার শামিল। তাই অন্যের পরিস্থিতি না জেনে এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
বিয়ের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত
বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কখন বিয়ে করবেন, কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন কিংবা আদৌ বিয়ে করবেন কি না—এটি প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত।
বন্ধুত্বের অর্থ শুধু একসঙ্গে আনন্দ করা নয়, বরং একে অপরের পছন্দ, সিদ্ধান্ত এবং অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল থাকা। তাই অবিবাহিত বন্ধুকে বারবার বিয়ের কথা মনে করিয়ে দেওয়ার বদলে তার পাশে থাকা, কথা শোনা এবং সিদ্ধান্তকে সম্মান জানানোই প্রকৃত বন্ধুত্বের পরিচয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন