প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামোগত অর্থায়ন সম্প্রসারণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল বুধবার ঢাকায় অবস্থিত এডিবি কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ থেকে ১৮ নভেম্বর এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক (ডিজি) সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরের সময় প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করে।
প্রতিনিধিদলে এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোই এবং প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টসও উপস্থিত ছিলেন।
এডিবির মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা সফর প্রসঙ্গে বলেন, "বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধির জন্য আরও গভীর আর্থিক বাজার, শক্তিশালী বিনিয়োগ পরিবেশ ও এমন সংস্কার প্রয়োজন, যা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তুলবে।"
তিনি আরও জানান, দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে ব্যাংকযোগ্য বিনিয়োগে রূপান্তর করতে এডিবি তাদের সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞতা একত্রিত করে কাজ চালিয়ে যাবে।
সফরের সময় প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।
বৈঠকে ব্যাংকিং, কর ব্যবস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, বন্ড ও শেয়ারবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়নের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সফরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এডিবির সঙ্গে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ উদ্বোধন করেন। এটি অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে ৫০০টিরও বেশি সূচক ব্যবহার করে।
এছাড়া, এডিবি আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পে লেনদেন পরামর্শক সহায়তা (ট্রানজ্যাকশন অ্যাডভাইজরি সাপোর্ট) সম্প্রসারণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে এডিবির সহায়তাপ্রাপ্ত প্রকল্পের তালিকায় মোট ছয়টি প্রকল্প যুক্ত হলো, যেগুলোর পরিকল্পিত উৎপাদনক্ষমতা এক হাজার মেগাওয়াটের বেশি। এই প্রকল্পগুলোর মাধ্যমে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনাগুলো বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের মহাপরিকল্পনা এবং ২০২৮-২০৩২ মেয়াদের জন্য এডিবির কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন