প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের আটটি বিভাগীয় সদরে প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তের জন্য দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইনসের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের সহযোগিতায় নির্মিত ভবন ও পরীক্ষাগার পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে নতুন সক্ষমতা যুক্ত করবে বলেও তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আজ আমরা সাইবার পুলিশ অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করলাম। কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এই পুরো কাজটি সম্পন্ন হয়েছে।"
তিনি কোরীয় সরকার, রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি ও সফররত প্রতিনিধিদলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমরা প্রথম থেকেই একটি বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা ভাবছিলাম। গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে।"
তিনি উল্লেখ করেন, নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা হবে।
প্রযুক্তির বিকল্প না থাকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অপরাধের ধরন বদলে যাচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে নানা অপরাধ ও প্রতারণা সংঘটিত হচ্ছে, এমনকি শেয়ারবাজারে কারসাজিও এর মাধ্যমে করা হচ্ছে।" ডিজিটাল ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "বিচারব্যবস্থায় মানুষের বিচারপ্রাপ্তি দ্রুত নিশ্চিত করতে হলে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের প্রয়োজন হয়।" অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিক পরীক্ষাগারের সুবিধা, প্রযুক্তিগত সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণে সক্ষম করে তোলা হচ্ছে।
সিআইডির বিদ্যমান পরীক্ষাগার সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, "সিআইডি প্রতিষ্ঠার শুরু থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা ও প্রতিবেদন তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।"
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে, তবে কোনো চ্যালেঞ্জ নেই।" স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলার বিষয়ে তিনি কথা বলেন।
এ সময় পুলিশের ওপর হামলা ও আসামি গ্রেপ্তারে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, "অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়, এটি নতুন কিছু নয়।" অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন