প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ফলে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় পরিবহন মালিক ও শ্রমিকরা এই রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের আশঙ্কায় চালক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহন কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে কিছু বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে দুপুরের পর পরিস্থিতি বিবেচনায় ওই রুটে আর কোনো বাস পাঠানো হয়নি।
এছাড়া জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে যশোর হয়ে ফেরিঘাট দিয়ে সীমিত সংখ্যক বাস চলাচল করছে। এর ফলে সরাসরি পদ্মা সেতু রুটের তুলনায় যাত্রার সময় অনেক বেড়ে যাচ্ছে।
ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ম্যানেজার স্বাধীন বলেন, ‘সকালে আমাদের কয়েকটি গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ হওয়ায় দুপুর থেকে আর কোনো গাড়ি ওই রুটে পাঠানো হয়নি।’
এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার জহির রায়হান জানান, ‘নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে সব পরিবহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার বিকল্প পথে ফেরিঘাট হয়ে কিছু গাড়ি ঢাকায় যাচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়বে না।’
এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি কাজে ঢাকাগামী যাত্রীরা। সঙ্গীতা মোড় কাউন্টারে টিকিট না পেয়ে প্রোকন কম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমান বলেন, ‘বৃহস্পতিবার ঢাকায় আমাদের প্রধান কার্যালয়ে জরুরি মিটিং। বুধবার বিকেলে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়ে কাউন্টারে এসে দেখি কোনো গাড়িই ঢাকায় যাচ্ছে না। এখন কীভাবে ঢাকায় পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
আরেক যাত্রী মো. আরিফুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে আজই ঢাকায় যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু কাউন্টারে এসে জানতে পারলাম পদ্মা সেতু হয়ে কোনো বাস যাবে না। বিকল্প পথে গেলে সময় অনেক বেশি লাগবে। তার ওপর পথে কী পরিস্থিতি হয়, সেটি নিয়েও ভয় আছে।’
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, একটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হলে মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি চালক ও সহকারীদের জীবনও ঝুঁকিতে পড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে বাস চালাতে তারা অনাগ্রহী।
পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা গেলে দ্রুতই পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন