প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রশাসনের অভিযান, মামলা কিংবা গ্রেপ্তার—কোনো কিছুতেই থামছে না তিস্তা নদীর পাথর লুট। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত শত শত নৌকায় ড্রেজার বসিয়ে নদীর তলদেশ খুঁড়ে অবাধে তোলা হচ্ছে পাথর। নদীর বুকজুড়ে চলছে লুটপাটের মহোৎসব। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং ভাঙন বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফসলি জমি ও বিস্তীর্ণ জনপদ এখন হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটাসহ গ্রামের পর গ্রাম। ফলে কয়েক হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার উপস্থিতিতেই চলছে এই কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলনকারীদের সঙ্গে অসাধু কিছু ব্যক্তির যোগসাজশ থাকায় অভিযান শুরুর আগেই ফাঁস হয়ে যায় খবর। এর ফলে প্রশাসনের অভিযান অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। এমনকি পাথর উত্তোলনের নৌকা থেকে মাসোহারা আদায়ের অভিযোগও উঠেছে নৌ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা গেছে, নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাতীরবর্তী আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে তিস্তা ব্যারাজের উজানে তেলির বাজার, কিসামত চর ও ছোটখাতা এলাকায় নদীর বুকজুড়ে চলছে পাথর উত্তোলন। চার শতাধিক নৌকায় ড্রেজার মেশিন বসিয়ে লোহার তৈরি ছেনির সাহায্যে নদীর তলদেশ খুঁড়ে পাথর তোলা হচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নীলফামারী ও লালমনিরহাট অংশের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে এ কর্মকাণ্ড। উত্তোলিত পাথর নৌকায় বোঝাই করে নদীর তীরে স্তূপ করে রাখা হচ্ছে।
অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে একাধিক সরু চ্যানেল। আশপাশের অন্তত ২০টি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। এতে তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী জনবসতি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
চর গ্রামের অন্তত ১০ জন বাসিন্দা জানান, পাথর উত্তোলনের কারণে গত দুই বছরে তাঁদের গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক হাজার মানুষ বসতভিটা হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রাস্তার পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তাঁদের অভিযোগ, গত দুই বছর ধরে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নদী থেকে পাথর তোলা হচ্ছে। পরে ট্রাকে করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে এসব পাথর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। পাথর উত্তোলনকারীরা নদীতে প্রবেশের বিভিন্ন সড়কে লোক বসিয়ে নজরদারি করেন। প্রশাসনের কোনো গাড়ি দেখলেই মোবাইল ফোনে খবর পৌঁছে দেওয়া হয়। ফলে অভিযান শুরুর আগেই শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার সুযোগ পান সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাকে প্রায় ৫০০ থেকে ৭০০ ঘনফুট পাথর পরিবহন করা হয়। এসব পাথর প্রতি ট্রাক ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। দেশের বিভিন্ন জেলার নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে এই পাথর।
প্রতিদিন চার শতাধিক নৌকায় পাথর উত্তোলন করা হচ্ছে। অথচ এলাকায় বিজিবি ক্যাম্প ও নৌ পুলিশ রয়েছে। অভিযোগ উঠেছে, নৌ পুলিশের কিছু সদস্য পাথর উত্তোলনকারীদের সঙ্গে যোগসাজশ করে অভিযানের আগাম তথ্য ফাঁস করেন। বিনিময়ে তাঁদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়।
এদিকে গোপন ক্যামেরায় ধারণ করা বক্তব্যে ডালিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই স্বপন ও শামীম পাথর উত্তোলনের নৌকাপ্রতি মাসোহারা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, চাঁদা না দিলে পাথর বহনকারী ট্রাক আটক করা হয়।
শুধু নদী ধ্বংস নয়, অবৈধ পাথর বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকায় সংঘাত, সংঘর্ষ ও দেশীয় অস্ত্রের মহড়ার অভিযোগও রয়েছে। প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের লোকজনও। এ ঘটনায় ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয়েছেন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন এবং মামলা চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে ২০-৩০ জনের একটি চক্র জড়িত।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, অবৈধ পাথর কারবারিদের বিরুদ্ধে থানায় অন্তত ১৫টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে বারবার অভিযান চালিয়েও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, নদীর তলদেশ কেটে পাথর উত্তোলন করা হলে নদীর গভীরতা ও স্বাভাবিক গঠন নষ্ট হয়। এতে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন, শুধু অভিযান চালিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারা পাথর উত্তোলন করছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কোথায় এসব পাথর যাচ্ছে এবং কারা কিনছে—পুরো চক্র চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তথ্য পেলেই প্রশাসন অভিযান চালায়। যন্ত্রপাতি জব্দ, মামলা এবং হাতেনাতে কাউকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় অভিযান শেষ হওয়ার পরপরই আবারও অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করে তারা।
অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই প্রতিবেদককে বলেন, “এই অপকর্মের সঙ্গে জড়িত যে-ই হোক, যে দলেরই হোক, তাদের শাস্তির আওতায় আনতে দুই জেলার প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হবে।”
তিস্তার বুক চিরে পাথর লুটের এই মহোৎসব বন্ধ না হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী জনপদের অস্তিত্ব আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিচ্ছিন্ন অভিযান নয়, পাথর লুটের নেপথ্যের মদদদাতা, অর্থের জোগানদাতা, পরিবহনকারী ও ক্রেতাদের চিহ্নিত করে সমন্বিত অভিযান চালাতে হবে। অন্যথায় একদিন তিস্তার ভাঙনে শুধু বসতভিটা নয়, হুমকির মুখে পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ তিস্তা ব্যারাজ ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন