প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে, এমনটি জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি উল্লেখ করেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সময়ে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, তা ঠেকাতেও কাজ করছে বিজিবি।’
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি। পরবর্তীতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে। বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আমি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’ সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন