প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ২২ অক্টোবর, ২০২৬ : জেলার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি উদ্ধার করার কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকারী দলের প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় এই উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে, যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ ভোরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বাসস’কে জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে কাজ শেষ হতে পারে। সংস্কার কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম রেল পথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশন সংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ ৪ টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথের আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন