প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠের মোহাম্মদিয়া এলাকায় একটি এতিমখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও ১৯ জন। এই তথ্য দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তাদের মাধ্যমে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পর দেশটির সিভিল ডিফেন্স, দমকল এবং উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত লোকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিভিল ডিফেন্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন জ্বলে ওঠার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে ১০টি ফায়ার ইঞ্জিন, ১৬টি অ্যাম্বুলেন্স, দুটি মইযুক্ত উদ্ধারযান, বিশেষ উদ্ধার ইউনিট এবং জাতীয় প্রশিক্ষণ ও হস্তক্ষেপ ইউনিটের সদস্যরা মোতায়েন করা হয়।
কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আহত ১৯ জনের মধ্যে ১৭ জন দগ্ধ হয়েছেন, যাদের রাজধানীর জেরালদা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, আরও দুইজনকে আলজিয়ার্সের মুস্তাফা পাশা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ শিশুকে নিরাপদে সরিয়ে অন্য একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হতাহতের সংখ্যা প্রাথমিক এবং তদন্তের অগ্রগতির সঙ্গে এটি পরিবর্তিত হতে পারে।
এদিকে, আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিব আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েকদিন ধরে আলজেরিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। দেশটিতে শেষ এক সপ্তাহে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড হয়েছে, যদিও এতিমখানার এই আগুনের সঙ্গে তাপপ্রবাহের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন