প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মক্কার পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখার পাশাপাশি যাচাই ছাড়া তথ্য প্রচার না করার এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
একটি বিবৃতিতে শায়খ সুদাইস উল্লেখ করেন, পবিত্র স্থানগুলোতে হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের মৌলিক নীতির পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এসব স্থানের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হওয়া উচিত।
ঐক্য ও সংহতি বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দেন শায়খ আল-সুদাইস। তিনি জাতীয় সংহতি বজায় রাখতে সহযোগিতা করার এবং তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গুজব বা যাচাই না করা কোনো তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।
কোরআন ও সুন্নাহর শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের উচিত আগ্রাসন থেকে বিরত থাকা, বিশৃঙ্খলা ও অনাচার প্রতিরোধ করা এবং কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা।
শায়খ সুদাইস আরও বলেন, তথ্যের জন্য সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তি, বিভাজন বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন কোনো সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
বিবৃতির শেষে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা অব্যাহত থাকার জন্য দোয়া করেন তিনি। পাশাপাশি পবিত্র স্থানগুলো এবং সেগুলোর সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্যও দোয়া করেন।
এ ছাড়া মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এবং বিভিন্ন সম্প্রদায়কে ক্ষতি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন শায়খ আল-সুদাইস।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন