প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মন্তব্য করেছেন যে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও মোবাইল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব।
তিনি জানান, সরকার সমাজব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রূপনগরের আরামবাগ মাঠে অনুষ্ঠিত ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্বে ছিল রূপনগর যুব উন্নয়ন ক্রীড়া সংগঠন।
আমিনুল হক বলেন, ‘আমাদের সমাজে মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার চর্চা আমাদের যুব ও তরুণ সমাজকে মননশীল, ধৈর্যশীল ও সহমর্মী করে গড়ে তোলে। এর মধ্যদিয়েই সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভব।’
তিনি রূপনগর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন ফাঁকা জায়গায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করার ইচ্ছার কথা জানিয়ে বলেন, খেলাধুলার সুযোগ থাকলে সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ডিভাইসের আসক্তি ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকবে। সমাজ গঠনে ক্রীড়াবিদ ও যুবকদের মূল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্য শেষে তিনি ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, আলী আহমেদ রাজু, এস এম জাহাঙ্গীর কবির জন, রূপনগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং আরামবাগ স্পোর্টস একাডেমির সভাপতি শাহীন রহমান শাহেদসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন