প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক হিসেবে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। তাঁর গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী উপস্থিতি এবং অভিনয়ের স্বতন্ত্র ধরন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। আজ, ১৪ নভেম্বর, এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
২০০৪ সালের এই দিনে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে রাজীব মৃত্যুবরণ করেন। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে তাঁর জন্ম হয়। কর্মজীবনের শুরুতে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করলেও অভিনয়ের প্রতি আগ্রহ তাঁকে মঞ্চনাটকে যুক্ত করে। পরবর্তীতে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ শুরু করেন।
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে রাজীবের অভিষেক ঘটে। প্রথমে নায়ক হিসেবে অভিনয় করলেও পরে খলনায়ক চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমায় অভিনয়ের পর তাঁর পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
দীর্ঘ অভিনয়জীবনে রাজীব চার শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দেনমোহর’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘ডন’, ‘বিক্ষোভ’ এবং ‘বুকের ভেতর আগুন’। অভিনয়ের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া, বাচসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকেও সম্মাননা লাভ করেন।
অভিনয়ের পাশাপাশি রাজীব চলচ্চিত্র অঙ্গনের সাংগঠনিক দায়িত্বেও জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদেও তাঁর অবস্থান ছিল।
মৃত্যুর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ঢাকাই সিনেমার দর্শকদের কাছে রাজীবের অভিনয় আজও স্মরণীয়। বিশেষ করে খলনায়ক চরিত্রে তাঁর অভিনয়ের স্বতন্ত্র ধরন বাংলা চলচ্চিত্রে তাঁকে একটি আলাদা স্থান দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন