প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরে একটি চাঞ্চল্যকর ক্লু-লেস মামলার রহস্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদঘাটন করেছে। এই ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জামালপুর পৌর শহরের বাসিন্দা বাচ্চু গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই জামালপুর জেলা কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌর শহরের দাপুনিয়া বাইদের ক্ষেত এলাকায় এক ইটভাটার পাশে পতিত জমিতে পানিতে ভসমান অবস্থায় সাকিব (৩০) নামের এক যুবকের উলঙ্গ মরদেহ উদ্ধার করা হয়। সাকিব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ার বেটি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং তার শ্বশুরবাড়ি মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়। এই ঘটনার পর পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত বছরের ১৪ জুলাই জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ পরে নিহতের শাশুড়ি আঙ্গুরী বেগম বন্যা ও শ্বশুর শহিদুল্লাহ চিকুকে গ্রেপ্তার করে, কিন্তু রহস্য উদঘাটন না হওয়ায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। এরপর আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই জামালপুরকে দায়িত্ব দেয়। পিবিআই ১৭ নভেম্বর মোস্তাফিজুর রহমান বাচ্চুকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চু ঘটনার প্রকৃত তথ্য জানায় এবং পরদিন বুধবার (১৮ নভেম্বর) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
জবানবন্দি ও তদন্তের ভিত্তিতে পিবিআই জানায়, নিহত সাকিব ভবঘুরে প্রকৃতির ছিল। প্রায় দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাদারগঞ্জের তেঘরিয়ার শহিদুল্লাহ চিকুর মেয়ে শাহানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। তাদের আট মাসের একটি পুত্রসন্তান ছিল। ২০২৫ সালের ৭ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর পৌর এলাকার দাপুনিয়ায় আমির হোসেন শামুর ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে সাকিব ও শাহানার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাকিব বটি-দা নিয়ে শাহানাকে আঘাতের চেষ্টা করে। এ সময় পাশের ভাড়াটিয়া রেহেনা এগিয়ে এসে সাকিবকে থামায় এবং শাহানার মা আঙ্গুরী বেগমকে ফোন করে বিষয়টি জানান।
ওই রাতেই আঙ্গুরী বেগম এসে মেয়ে ও নাতিকে নিয়ে একই এলাকার মোস্তাফিজুর রহমান বাচ্চুর ভাড়া বাসায় ওঠেন। কিছুক্ষণ পর রাতেই সাকিব সেখানে গিয়ে দরজা খুলতে চিৎকার-চেঁচামেচি করলে বাচ্চু বের হয়ে তাকে পরদিন সকালে আসতে বলেন। পরে শেষ রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে ঘরের বাইরে বের হয়ে উঠানের বড়ই গাছের ডালে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাকিবকে দেখতে পান বাড়ির মালিক বাচ্চু।
কোন কিছু বুঝতে না পেয়ে তিনি রান্নাঘর থেকে বটি-দা এনে ওড়না কেটে সাকিবের মরদেহ নিচে নামান। সাকিব মারা গেছেন নিশ্চিত হওয়ার পর ঝামেলায় জড়ানোর আশঙ্কায় তিনি মরদেহ বয়ে নিয়ে বাড়ির অদূরে পতিত জমির পানিতে ফেলে দেন। ওই সময় মেয়ের বিয়ের ব্যাপারে আলোচনা চলমান থাকায় বিষয়টি গোপন রাখেন তিনি। পিবিআই রান্নাঘর থেকে ওড়না কাটার কাজে ব্যবহৃত ওই বটি-দাটিও জব্দ করেছে।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত এ বিষয়ে বলেন, এটি ছিল একটি ক্লু-লেস মামলা। মূলত পারিবারিক কলহের কারণে সাকিব গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছিল। হত্যাকাণ্ড না ঘটিয়েও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে মোস্তাফিজুর রহমান বাচ্চু নিহতের লাশ গুম করার অপরাধে জড়িয়েছেন।
তিনি আরও বলেন, পিবিআই টিমের পেশাদার তদন্তের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইন অমান্য করা বা আইন না জেনে যেন কেউ অপরাধ না করে এ ব্যাপারে সচেতন হতে ঘটনাটি সমাজে একটি বার্তা দিবে। বুধবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন