প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পর্দায় তিনি বলিউডের ‘কিং খান’। কোটি দর্শক তাঁর কথায় মুগ্ধ হন, এবং পর্দায় তাঁর দাপটও প্রশ্নাতীত। তবে বাড়ির পরিস্থিতি নাকি একেবারেই ভিন্ন। সেখানে গৌরী খানের সিদ্ধান্তই বেশি গুরুত্ব পায়, শাহরুখের চেয়ে। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানানোর সুযোগও নেই তাঁর।
সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে শাহরুখ এই মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, শুধু তিনি একা নন, তাঁর দুই সন্তান আরিয়ান ও সুহানারও বাড়িতে বিশেষ কোনো মতামত দেওয়ার সুযোগ নেই।
দুবাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে উপস্থিত ছিলেন গৌরী খান ও নির্মাতা করণ জোহর। কথোপকথনের এক পর্যায়ে করণ জানতে চান, নিজের বাড়িতে এমন কী আছে, যা করার অনুমতি পান না শাহরুখ?
প্রশ্নের উত্তরে রসিকতা করে শাহরুখ বলেন, বাড়ির ভেতরে প্রায় সবকিছুতেই গৌরীর সিদ্ধান্তই চূড়ান্ত। এমনকি বাড়ির ওয়াই-ফাই নিয়ে অসন্তোষ প্রকাশ করা কিংবা বিছানায় বসে খাবার খাওয়ার মতো সাধারণ বিষয়েও তাঁর স্বাধীনতা নেই। বাড়ির রং, দেয়ালে কোন ছবি থাকবে, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা- কোনো কিছু নিয়েই নিজের পছন্দ জানাতে পারেন না তিনি।
বাড়িতে নিজের অবস্থান বোঝাতে শাহরুখ বলেন, আমরা শুধু চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ! এখন এই পেন্টহাউসেও এসে আমাকে একই কথা বলতে হবে। বাড়ির বাইরে আমরা স্বাধীন, কিন্তু বাড়ির ভেতরে আমাদের কোনো কথাই চলে না।
শাহরুখের এই রসিকতায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। কথোপকথনে করণ জোহর আরও জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী- কাকে বেশি ভয় পান শাহরুখ? প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে শাহরুখ নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর একটি সংলাপ শোনান। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।
এদিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরতে প্রস্তুত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মা। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন