প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইল সদরে নাতিদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মস্তফা কাজি (৭৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।
নিহত মস্তফা কাজি সদরের পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজির ছেলে। তিনি ও তার পরিবার বর্তমানে পার্শ্ববর্তী মহারাগ গ্রামে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বিদ্যালয় মাঠে ভদ্রবিলা এবং পাশের গ্রাম পলইডাঙ্গার শিশুদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠেই দুই গ্রামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর স্থানীয় পর্যায়ে দুই দফায় মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় সবশেষ শুক্রবার (৩ জুলাই) বিকেলে আবারও দু'পক্ষের মিটিংয়ের দিন নির্ধারণ করা হয়।
পরিবারের অভিযোগ, নিহত মস্তফা কাজি বর্তমানে পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বাস করতেন। তবে তার বাড়ি আগে পলইডাঙ্গা ছিল। তার দুই ছেলে ও তাদের পরিবার পলইডাঙ্গায় বসবাস করেন। শিশুদের ফুটবল খেলায় মস্তফার দুই নাতি নবাব ও সৌরভ সেদিন অংশগ্রহণ করে। সেদিনের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে আতর্কিতভাবে হামলা চালিয়ে মস্তফাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ভদ্রবিলা এলাকার কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একাধিক ইউনিট কাজ করছে, পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন