প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. ক্যারি রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ এবং আসন্ন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বুধবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন, যেখানে তিনি ৮ দিনের বাংলাদেশ সফর শেষে উপস্থিত ছিলেন।
জাতিসংঘের এই বিশেষ দূত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা ঘটেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অব্যাহত রয়েছে।
১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার সম্ভাব্য রায় সম্পর্কে কেলি ই. ক্যারি বলেন, রায়ের আগে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চান না; তবে আদালত মিয়ানমার সরকার, সংশ্লিষ্ট ব্যক্তি বা রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারে। রায় ঘোষণার পর তা বাস্তবায়নের জন্য বিশ্বের সব দেশের প্রতি তিনি আহ্বান জানান। একইসঙ্গে, যেসব দেশ নিজেদের গণতান্ত্রিক দাবি করে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, তাদের অবস্থানকে তিনি ‘লজ্জাজনক’ বলে সমালোচনা করেন।
সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কেলি ই. ক্যারি জানান, রোহিঙ্গাদের মধ্যে এখনো গভীর আতঙ্ক বিরাজমান; তবে অনুকূল পরিবেশ পেলে তারা নিজেদের দেশে ফিরে যেতে চায়। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সরেজমিনে তিনি পর্যালোচনা করেছেন। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সমাধানে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সংলাপ আয়োজনের জন্য আঞ্চলিক দেশগুলোকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান জাতিসংঘের এই দূত।
মার্কিন মানবাধিকার আইনজীবী ও সাবেক কূটনীতিক কেলি ই. ক্যারি ২০২৬ সালের মে মাসে টম অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির পাশাপাশি রাখাইনের চলমান সশস্ত্র সংঘাত এবং শরণার্থীদের অবস্থার পর্যালোচনার জন্য তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮ দিনের সরকারি সফরে বাংলাদেশে ছিলেন। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন