প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (লোকাল এলসি) তথ্যের আদান-প্রদানকে আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বিএআরটিএ বা বার্তা) চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
এই নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিকভাবে লোকাল এলসি সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে সক্ষম হবে।
এর ফলে রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে, পশ্চাৎমুখী সংযোগ শিল্পের (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) উন্নয়ন ঘটবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি পাবে। পাশাপাশি, বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
বাংলাদেশ ব্যাংক আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বার্তা-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও কার্যকর হবে।
এছাড়া, লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরশীলতা কমবে।
নতুন এই প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা গৃহীত হয়েছে। এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) অনুসরণ করা হবে। পাশাপাশি, প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।
প্ল্যাটফর্মটিতে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধুমাত্র তথ্য পর্যবেক্ষণের সুযোগ পাবেন। তারা কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।
বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা অনুসরণ করা হবে।
বার্তা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও জোরদার হবে। রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।
সামগ্রিকভাবে, এই উদ্যোগ দেশের রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে বার্তা-এর পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে বার্তা-এর কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন