প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিঙ্গাপুর সরকার নাগরিকদের বই পড়ার জন্য উৎসাহিত করছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা ক্ষতিকর তথ্য স্ক্রল করার ‘ডুমস্ক্রলিং’ প্রবণতা কমানো যায়। ডিজিটাল আসক্তি থেকে নাগরিকদের ফিরিয়ে এনে বইয়ের প্রতি মনোযোগী করতে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে অর্থ দেওয়ার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে দেশটির ন্যাশনাল লাইব্রেরি বোর্ড।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগে অংশ নিতে পাঠকদের একটি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে প্রতিদিনের বই পড়ার তথ্য ও সময় নথিভুক্ত করতে হবে। নাগরিকরা যদি প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়েন, তাহলে ২০টি ভার্চুয়াল পয়েন্ট বা কয়েন অর্জন করতে পারবেন। দিনে একটি পড়ার সেশন নথিভুক্ত করার সুযোগ থাকবে। ১ হাজার কয়েন জমা হলে নাগরিকরা ১ সিঙ্গাপুর ডলার (প্রায় ৮০ সেন্ট) পাবেন। অর্থাৎ, একটানা ৫০ দিন প্রতিদিন ১৫ মিনিট বই পড়লে ১ ডলার পাওয়া যাবে।
সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা টাম জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হলো ছোট ও সহজলভ্য পদক্ষেপের মাধ্যমে টেকসই পড়ার অভ্যাস গড়ে তোলা। দ্য স্ট্রেইটস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে বিপুল পরিমাণ তথ্যের ভিড়ে আমরা যেকোনো মুহূর্তে শত শত খবরের শিরোনাম স্ক্রল করতে পারি। কিন্তু ছোট ছোট চর্চা নিয়মিত করলেই তা স্থায়ী অভ্যাসে রূপ নেয়।" বাসে যাতায়াত, রাতে ঘুমানোর আগে বা দুপুরের খাবারের ফাঁকে দিনে অন্তত ১৫ মিনিট বই পড়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
এই পদক্ষেপ মূলত তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে। সাম্প্রতিক গবেষণায় ডুমস্ক্রলিং এবং অ্যাপের প্রতি অতিরিক্ত আসক্তিকে তরুণদের মানসিক অবসাদের বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে নাগরিকদের শারীরিক সুস্থতায় হাঁটার অভ্যাস গড়তে সুপারমার্কেটের ভাউচারসহ বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রদান করেছে সিঙ্গাপুর সরকার।
এদিকে নাগরিকদের বই পড়ার অভ্যাস গড়তে সরকারের এই নতুন পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মূল্যায়নে দেশটির শিক্ষার্থীরা শীর্ষ স্থান ধরে রেখেছে। ২০২৫ সালের আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন কর্মসূচির (পিআইএসএ) তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের বই পড়ার ও তথ্য বোঝার দক্ষতায় বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা। এই তালিকায় তারা চীন ও তাইওয়ানকে পেছনে ফেলে প্রথম অবস্থান অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন