প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। মাঠে তাঁর উপস্থিতি প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং সমর্থকদের কাছে তিনি আবেগের প্রতীক। এই আবেগের উত্তাপ ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে স্পষ্ট হয়ে ওঠে। এক দর্শক নিরাপত্তাবেষ্টনী টপকে হামজার কাছে ছুটে যান। জড়িয়ে ধরার চেষ্টা করেন, এরপর পা ছুঁয়ে সালাম করেন। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনাটি ফুটবলপ্রেমীদের মধ্যে হামজার জনপ্রিয়তা নির্দেশ করে।
মাঠের বাইরের উন্মাদনা এবার মাঠেও ছড়িয়ে পড়ে। হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে এক হালি গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ এবারের সাফের সেমিফাইনালে প্রবেশ করেছে। গতকাল রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের ৪-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং রাকিব হোসেন। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি কোনো গোল হজম না করার কৃতিত্বও দেখিয়েছে লাল-সবুজরা। আগামী শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে বেলা ৩ টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।
কাল ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার ওপর চড়াও হয়ে খেলে। হামজা, সামিত ও ফারহানকে একসঙ্গে পেয়ে মাঝমাঠে স্বাগতিকদের দাপট ছিল চোখে পড়ার মতো। ৫ মিনিটে বক্সের বাইরে রাকিব হোসেনকে ফাউল করেন লঙ্কান ডিফেন্ডার। ফ্রি-কিক থেকে হামজার বাঁকানো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৮ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো ক্রস ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে নেন সামিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডারের এটি জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল (১-০)।
গোলের পরও বাংলাদেশ আক্রমণের ধার কমায়নি। ২৫ মিনিটে ফারহান আলী ওয়াহিদের লম্বা পাস থেকে রাকিবের হেডে বল পান হামজা। বক্সের ভেতর থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্যাকহিল ফ্লিকে বল জালে পাঠানোর চেষ্টা করেন তিনি। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় হামজার ব্যাকহিল ফ্লিক। প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশ্য আর ভুল করেননি অধিনায়ক। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে লঙ্কান রক্ষণে ঢুকে ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন হামজা। গোলরক্ষক সুজনের হাঁটুতে লেগে বল জড়িয়ে যায় জালে (২-০)। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ একই দাপট বজায় রাখে। এই অর্ধে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। শ্রীলঙ্কার চার ডিফেন্ডারের বাধা পেরিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। ফারহানের সেই দুর্দান্ত গোলে মুগ্ধ হয় পুরো স্টেডিয়ামের ফুটবল পাগল দর্শকরা (৩-০)।
ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বড় করার দায়িত্ব নেন রাকিব হোসেন। ম্যাচের ৮৭ মিনিটে গোলরক্ষক সুজন পেরেরার মাথার ওপর দিয়ে দারুণভাবে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন তিনি (৪-০)। এর আগেই খেলোয়াড় পরিবর্তনের সুযোগ কাজে লাগান বাংলাদেশ কোচ টমাস ডুলি। নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে তুলে নিয়ে মাঠে নামান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়াকে। তাতে দলের ছন্দে কোনো ছেদ পড়েনি।
সাফে নিজেদের ফেভারিট দাবি করেছিলেন হামজা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়ে সেই দাবির যথার্থতাই যেন প্রমাণ করল বাংলাদেশ দল। দুই ম্যাচে ৬ পয়েন্ট, ৪ গোল এবং অক্ষত রক্ষণভাগ- সব মিলিয়ে আত্মবিশ্বাসের পারদ এখন তুঙ্গে। এবার শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে টপকে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ।
এদিকে, আধিপত্যের ধারাবাহিকতা ধরে রেখে চলমান টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গতকাল বিকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চাম্পিয়ন হয় ভারতীয়রা। দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়ে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করলো তারা। মালদ্বীপের বিপক্ষে ভারতের জয়ের নায়ক সুহাইল ভাট। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ভারতের। চলতি টুর্নামেন্টে এটি সুহাইলের তৃতীয় গোল।
টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে ভারত সেমিফাইনালে উঠলেও দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো মালদ্বীপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন