প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ‘কালো জাদু’ করার ভয় দেখিয়ে এক পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ ঘটনা ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামে মো. আকছেদ আলীর বাড়িতে। আকছেদ আলী এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে মো. সিহাব আলী (২২) অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বাড়ির সামনে এসে নিজেদের মাহফিলের লোক পরিচয় দিয়ে টাকা চান। সিহাব তাদের ২০ টাকা দিলে তারা এক গ্লাস পানি দিতে বলেন। পানি না দেওয়ায় তারা সিহাবকে তার মাকে ডাকতে বলেন।
সিহাবের মা বাইরে আসার পর ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলেন। এতে ওই নারী ভয় পেয়ে কান্না শুরু করেন এবং তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা এক গ্লাস পানি এনে তাতে কিছু করার পর ওই পানি পান করতে দেন।
এরপর তারা বাড়িতে থাকা স্বর্ণালংকার এনে ওই পানিতে ডুবিয়ে দিতে বলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আকছেদ আলীর স্ত্রী একটি আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল পানিতে ডুবিয়ে দেন।
অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে ওই দুই ব্যক্তি সিহাবকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে বলেন। সিহাব বাইরে যাওয়ার পর তার স্ত্রী ও ছোট ছেলেকে ‘হিপনোটাইজ’ করে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে তারা চলে যান বলে অভিযোগ করেছেন আকছেদ আলী।
আকছেদ আলীর দাবি, নেওয়া স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। পরে সিহাব বাড়িতে ফিরে এলে ওই দুই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা স্বর্ণালংকার খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন।
ঘটনার পর সোমবার রাতেই আকছেদ আলী বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন। তিনি জানান, ঘটনার সাক্ষ্য হিসেবে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন