প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, দেশে ফিরে আসার পরিকল্পনা নয়, বরং জনগণের ওপর প্রতিশোধ নেওয়া এবং দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করাই শেখ হাসিনার আসল উদ্দেশ্য। এই কারণেই দেশে নতুন করে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। সভাটি অনুষ্ঠিত হয় উপজেলার ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, “জনগণ গণহত্যাকারীদের আর ক্ষমা করবে না। জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে এবং গণহত্যা চালিয়ে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছেন। অথচ ক্ষমতাচ্যুতির দুই বছর পেরিয়ে গেলেও তার কিংবা তার দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। তাহলে জনগণ তাদের কেন ক্ষমা করবে?”
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে তিনি বলেন, “তিনি দেশে ফিরে আসতে চান, ভালো কথা। কিন্তু দেশে ফেরার কথা বলে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কেন? অতীত অভিজ্ঞতা বলে, তিনি যা বলেন তা করেন না। গণ-অভ্যুত্থানের আগে বলেছিলেন পালাবেন না, অথচ পালিয়ে গেছেন। এখন বলছেন ফিরে আসবেন, আসলে তিনি ফিরবেন না।”
দেশে চলমান সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি বলেন, “খুনি, সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ অবস্থান নিলেই পুলিশ পেটোয়া বাহিনী হয়ে যায় না। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা রাষ্ট্রের দায়িত্ব। কুশীলতার জন্য সুশীলতা নয়। সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা মানুষের জানমালের ক্ষতি করার অধিকার কারো নেই।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন যে, নিজ নিজ এলাকায় ‘ফ্যাসিস্টদের দোসরদের’ গতিবিধির ওপর কড়া নজর রাখতে হবে এবং তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
নবগঠিত স্বদেশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন, শাকুয়াই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, জুগলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুল হাই প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন